খুলনা থানার মাদক মামলার এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৪ মার্চ) মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামী হলেন, ৯৪ হাজী ইসমাইল রোডের মৃত. কাজী আব্দুর রশিদ এর ছেলে মো. জাহিদুল ইসলাম ফয়সাল (৩২)। রায় ঘোষণাকালে আসামী ফয়সাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড়ে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ন্যাশনাল ব্যাংকের পাশে জননী কুরিয়ার সার্ভিস থেকে একটি ট্রলি ব্যাগ নিতে আসে ফয়সাল। তাকে আটক করে তার ব্যাগ তল্লাশি করে ১২০০ পিস ইয়াবা ও ৩৩ গ্রাম ভাঙ্গা ও গুড়া ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় এসআই মো. শরীফুল আলম বাদী হয়ে ফয়সালের বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ৩১। ওই বছরের ৩০ নভেম্বর এসআই জাহাঙ্গীর আলম আদালতে ফয়সালকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম আবু রাসেল।
অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের সশ্রম কারাদন্ড
ডুমুরিয়া থানার অস্ত্র মামলার এক আসামীকে অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় ১০ বছর ও এফ ধারায় আরো ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।
রবিবার (১৪ মার্চ ) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেছেন। দন্ডাপ্রাপ্ত আসামী হলেন, খুলনা জেলার ডুমুরিয়া থানার চহেড়া গ্রামের আনসার জোয়ার্দারের ছেলে রফিক জোয়ার্দার (৪৮)। রায় ঘোষণাকালে দ-প্রাপ্ত আসামী রফিক জোয়ার্দার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শহিদুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ২৬ অক্টোবর রাত ৪টায় ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্রাইমারি স্কুলের সামনে থেকে দেশি তৈরী একটি পাইপগান ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিককে গ্রেফতার করা হয়।
এঘটনায় এসআই গোলাম কিবরিয়া বাদী হয়ে রফিকের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন যার নং ১৭। ওই বছরের ২৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার।
-স্টাফ রিপোর্টার











































