কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত আগামী ১৫ এপ্রিল এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেইসঙ্গে কিশোরকে নির্যাতন করা হয়েছে কি না, তা পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৬ মে রমনা থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং পাঁচ-ছয়জনকে অচেনা আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করে র্যাব-৩। মামলায় বলা হয়, ‘আই অ্যাম বাংলাদেশি’ ফেসবুক পেইজ থেকে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করা বা বিভ্রান্তি ছড়ানো বা এ উদ্দেশ্যে জেনেশুনে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। এ পেজের অ্যাডমিন সায়ের জুলকারনাইন, কিশোর, আশিক ইমরান, ফিলিপ শুমাখার, স্বপন ওয়াহিদ ও মুশতাক আহমেদ।
-ঢাকা অফিস











































