Home জাতীয় ‘তুমি কেমন আছো?’ প্রধানমন্ত্রীকে রাবেয়ার প্রশ্ন

‘তুমি কেমন আছো?’ প্রধানমন্ত্রীকে রাবেয়ার প্রশ্ন

18

কোনো উন্নয়ন কাজের উদ্বোধন নয়, নয় কোনো গুরুগম্ভীর বৈঠক অথবা সরকারি বা দলীয় কোনো বৈঠকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (১৪ মার্চ) দুপুরের পর ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন না। ছিলেন একটি অন্যধরনের অনুষ্ঠানে। যা শুধুই মন ভালো করার। স্বস্তি-আনন্দের। সেটি হলো অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু রাবেয়া-রোকেয়ার বাড়িতে প্রত্যাবর্তন অনুষ্ঠান।

গণভবন থেকে যুক্ত হয়ে (১৪ মার্চ) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুই বোনের সঙ্গে কুশল বিনিময় করেন।

কেমন আছো, প্রধানমন্ত্রী জানতে চাইলে রাবেয়ার চটপট উত্তর, “ভালো, তুমি কেমন আছো?”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভালো? বাড়ি ফিরতে পেরে খুশি?”

এই সময় মাথা নেড়ে খুশির কথা জানায় রাবেয়া।

অনুষ্ঠানে দেশবাসীর কাছে রাবেয়া ও রোকেয়ার জন্য প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘রাবেয়া-রোকেয়া বাড়ি ফিরে বাবা-মার কোলে হেসে খেলে বেড়াবে। এটা সত্যিই বড় পাওয়া। আমরা যেখানে মুজিববর্ষ পালন করছি সেই সময়ে এত বড় একটা সফল অস্ত্রোপচার করা এটা বাংলাদেশের জন্য অনেক বিরাট অর্জন।’

পাবনার চাটমোহরের আটলংকা গ্রামের রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির ঘরে জোড়া মাথা নিয়ে জন্ম নেয় রাবেয়া-রোকেয়া ২০১৬ সালের ১৬ জুলাই। প্রধানমন্ত্রী তাদের কথা জানতে পারেন তার ছোট বোন শেখ রেহানার মাধ্যমে।

এই দুই শিশু প্রধানমন্ত্রীর নির্দেশনাতেই দেশে-বিদেশে চিকিৎসা পায়। ২০২০ সালের ১ আগস্ট ঢাকার  সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অস্ত্রোপচার করে ৩৩ ঘণ্টার পর রাবেয়া-রোকেয়াকে আলাদা করা সম্ভব হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম এবং বিশ্বের ১৭তম ঘটনা এটি, যা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি মাইলফলক।

শেখ হাসিনা বলেন, ‘তিনি খুব আনন্দিত। মার্চ মাস বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহন করেছেন। এই মাসেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আবার এই মাস থেকেই কিন্তু আমাদের ভাষা আন্দোলনের যাত্রা শুরু। এই মাসেই রাবেয়া-রোকেয়া তাদের ঘরে ফিরে যাচ্ছে। সত্যিই অন্য রকম অনুভূতি।’