Home জাতীয় হাইকোর্টে প্রতিবেদন : পাঁচ বছরে থানায় ২৬ হাজার ৬৯৫ ধর্ষণ মামলা

হাইকোর্টে প্রতিবেদন : পাঁচ বছরে থানায় ২৬ হাজার ৬৯৫ ধর্ষণ মামলা

10

দেশের থানাগুলোতে গত পাঁচ বছরে ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা করা হয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ৪ হাজার ৩৩১, ২০১৭ সালে ৪ হাজার ৬৮৩, ২০১৮ সালে ৪ হাজার ৬৯৫, ২০১৯ সালে ৬ হাজার ৭৬৬ ও ২০২০ সালের অক্টোবর মাস পর্যন্ত ৬ হাজার ২২০টি মামলা করা হয়েছে। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে বুধবার পুলিশ মহাপরিদর্শকের পক্ষে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মো. রেজাউল করিমের সই করা প্রতিবেদনটি দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সরোয়ার পায়েল। রিটের পক্ষে ছিলেন ইয়াদিয়া জামান ও শাহীনুজ্জামান শাহীন।
হাইকোর্টে প্রতিবেদন : পাঁচ বছরে থানায় ২৬ হাজার ৬৯৫ ধর্ষণ মামলা

প্রতিবেদনে ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা মনিটরিং করতে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরকে প্রধান করে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ২১ অক্টোবর ধর্ষণের অপরাধে সালিশ করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের মামলা ১৮০ কার্যদিবসে বিরতিহীনভাবে নিষ্পত্তি করতে হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে মনিটরিং করতে নির্দেশ দেন আদালত।

গত ১৮ অক্টোবর ধর্ষণের ঘটনায় সালিশ করাকে ফৌজদারি অপরাধ হিসেবে ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

-ঢাকা অফিস