স্টাফ রিপোর্টার
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনায় মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দেশের ছয় সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির (বরিশালের পর) আজ দ্বিতীয়দিন। এ সমাবেশস্থলে কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয়ের চেয়ে ব্যক্তি বন্দনার প্লাকার্ড শোভা পাচ্ছেই বেশি। অনুসারীদের মুহুমুহু স্লোগানও ভাইকে ঘিরে। ভাইয়ের বন্দনার প্লাকার্ড ও স্লোগানে ম্লান হয়েছে নেত্রীর মুক্তি বা তারেক রহমানের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের দাবিটি।
সমাবেশের মাইকে দুপুর পৌনে ২টার দিকে নজরুল ইসলাম মঞ্জু মাইকে ঘোষনা দেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কারো স্লোগান দেয়া যাবে না। মহাসমাবেশের মূল উদ্দেশ্যটি সকলকে মাথায় রাখতে হবে।”
এরপরও বন্ধ হয়নি ব্যক্তি বন্দনা। মুহুমুহু স্লোগান চলছে ভাইয়ের…..!
এরপর দুপুর ১টা ৫২ মিনিটে অনুরুপ আহবান জানান বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। ব্যক্তির স্লোগান বাদ দিতে আহবান জানান তিনিও।
প্রসঙ্গত্ব, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে পূর্ব ঘোষিত মহাসমাবেশ আজ দ্বিতীয় কর্মসূচির দিন। নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিষ্টার শাহজাহান ওমর বীরউত্তম। বিশেষ অতিথি বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া প্রধান বক্তা বরিশাল সিটির মেয়র প্রার্থী এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রামের ডাঃ শাহাদাত হোসেন, ঢাকা উত্তরের তাবিথ আওয়াল ও ঢাকা দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মহাসমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ মহাসমাবেশের আয়োজক।











































