Home আঞ্চলিক খুলনায় বিএনপির সমাবেশ : সড়ক ও নৌ-রুটে পরিবহন বন্ধ : দুর্ভোগ ও...

খুলনায় বিএনপির সমাবেশ : সড়ক ও নৌ-রুটে পরিবহন বন্ধ : দুর্ভোগ ও আতঙ্ক

23

শাহ তানভির আহমেদ:

টান টান উত্তেজনা ও আতঙ্কে মধ্যদিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনায় বিএনপির মহাসমাবেশ। সমাবেশ স্থলের অনুমতি নিয়ে কালক্ষেপণ ও গণগ্রেফতার অভিযানকে ঘিরে উত্তেজনার সৃষ্টি। এরমধ্যে বিশৃঙ্খলার শঙ্কায় বিভাগীয় শহর খুলনার সাথে সড়ক ও নৌ-রুটে সকল পরিবহন চলাচল ২৪ ঘন্টার জন্যে বন্ধ করেছে মালিকপক্ষ।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ১৮টি রুটে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ঘন্টা বাস চলাচল বন্ধ করেছে বাস মালিক সমিতি নেতারা। আবার, জেলার প্রত্যন্ত এলাকা কয়রার মদিনাবাদ ও জোড়শিং এবং সাতক্ষীরার নীলডুমুর এ তিনটি রুটে লঞ্চ চলাচল সাময়িক স্থগিত করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। শনিবার সকাল থেকে পূর্ব-পশ্চিম রূপসা ঘাট এবং জেলখানা ও সেনেরবাজার ঘাটে ট্রলার পারাপার বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ট্রলার মাঝিরাও।

যাত্রীবাহী পরিবহন বন্ধে অল্প সময়ের এই ঘোষণা পৌঁছায়নি যাত্রী সাধারণের কাছে। হঠাৎ পরিবহন বন্ধ করে দেয়ায় গন্তব্যে পৌঁছাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কয়েকজন যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পারার অনিশ্চিয়তা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন।

বাস মালিক ও শ্রমিক নেতাদের বক্তব্য:

শ্রমিকেরা এই সময় কোনো কাজ করবেন না বলে তাঁদের জানিয়েছেন। একইভাবে মালিকেরাও এই সময় তাঁদের বাস-ট্রাক চলাচল করবে না বলে জানিয়েছেন। ফলে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা পরিবহণ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন খুলনা মোটর বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস । খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম বেবী জানান, শ্রমিকেরা কোনো কারণ ছাড়াই এই সময় কর্মবিরতি করবেন। লকডাউন ছাড়া শ্রমিকরা ছুটি পায়নি, তাই এই কর্মবিরতি। শনিবার বিএনপির মহাসমাবেশ রয়েছে বলে দৃষ্টি আকর্ষণ করলে নুরুল ইসলাম এই মহাসমাবেশের সঙ্গে কর্মবিরতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। এ ছাড়া পুলিশ বা প্রশাসন তাঁদের এ ব্যাপারে কোনো নির্দেশনা দেয়নি বলেও দাবি করেন তিনি। অপরদিকে, মিনিবাস মালিক সমিতি ও বেবি ট্যাক্সি শ্রমিক নেতা আনোয়ার হোসেন সোনা দাবি করেন, বিএনপির সমাবেশে গোলযোগ হতে পারে, তাই সতকর্তা হিসেবে বাস, মিনিবাস চলাচল বন্ধ রাখছেন তাঁরা।

যেসব দাবীতে বিএনপির সমাবেশ:

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের ছয় সিটিতে মেয়র প্রার্থীদের নেতৃত্বে খুলনাতে এ মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করার কথা আছে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চোধুরী ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান বক্তা ছয় সিটির মেয়র প্রার্থীরা।

বিএনপি নেতাদের বক্তব্য:

সমাবেশকে কেন্দ্র করেই খুলনার ১৮ রোডের বাস, লঞ্চ, ট্রলার, ইজিবাইকসহ সকল গনপরিবহন প্রশাসনের চাপে বন্ধ রাখা হয়েছে বলে দাবী করেছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। তাদের দাবি গনপরিবহনের পাশাপাশি আবাসিক হোটেলগুলোকে প্রশাসন চাপে রেখেছেন। প্রচার উপ কমিটির আহবায়ক আসাদুজ্জামান মুরাদ জানান, ২৭ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার সমাবেশকে কেন্দ্র করে নগরীতে পোষ্টার লাগানো, লিফলেট বিতরণেও বাধা দিয়েছে পুলিশ। সমাবেশের ৯৫শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কিন্তু হঠাৎ করেই পুলিশ বাড়িতে বাড়িতে অভিযান এবং নেতা-কর্মীদের আটক করছে। সমাবেশ ব্যর্থ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোড এলাকার দলীয় কার্যালয়ে সর্বশেষ প্রস্তুতি সভায় তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে কয়েক দফায় আবেদন করা হয়েছে। কিন্তু ভোট ডাকাত অবৈধ সরকার কোন জায়গার অনুমতি দেয়নি। এছাড়া পরিবহন বিভাগের মালিকদের ডেকে নিয়ে খুলনার ১৮ রোডের সকল গাড়ি চলাচল ২৪ ঘন্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। সমাবেশ হবেই। তিনি আশাবাদি অনুমতি মিলবে। শুক্রবার দুপুর পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০ নেতা-কর্মীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়েছে। পুলিশের এই আচরণ মোটেই কাম্য নয়। তিনি অভিযোগ করে বলেন, পরিবহণ শ্রমিকদের সাথে বৈঠক করে সমাবেশের আগে খুলনা বিভাগে পরিবহন চলাচলে নিষেধ করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে লঞ্চ, ট্রলার, ইজিবাইকসহ গণপরিবহন। এই নীতি পরিহার করে নেতাকর্মীদের নির্বিঘ্নে সমাবেশে আসতে দেওয়ার আহ্বান এবং আটক নেতাকর্মীদের মুক্তি, পুলিশের আচরণ পরিহারের দাবি জানান তিনি।

পুলিশ প্রশাসনের বক্তব্য:

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক নেতা ও মালিক দাবি করেন, প্রশাসনের নির্দেশে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকের পুলিশ সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে এই নির্দেশ জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে খুলনা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তাজুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। মোটর শ্রমিক ও মালিকদের অভ্যন্তরীণ বিষয়ে বিরোধ থাকায় তারা এই ২৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখছে। এখানে পুলিশের কোনো পদক্ষেপ নেই।