ঢাকা অফিস:
ঢাকার কেরানীগঞ্জের মধ্য চড়াইল খেলার মাঠ এলাকায় ডোবায় দুর্বল পিলারের ওপর গড়ে উঠেছিল তিনতলা ভবনটি। শেখবাড়ি নামে পরিচিত ওই ভবনে সপরিবারে থাকতেন বাড়ির মালিক জানে আলম। ভবনটির দোতলা ছিল ঢালাই ছাদের। তবে তৃতীয় তলা ছিল টিনের। পুরো ভবনে থাকতেন ৬ জন লোক। গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সবাই যখন ঘুম থেকে উঠতে শুরু করেছে ঠিক তখনই যেন হঠাৎ কেঁপে ওঠে ভবনটি। মুহূর্তে বিকট শব্দ করে ভবনটি উল্টে পড়ে ডোবায়। ঘটনার পরপরই এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে সাহায্যের জন্য। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসও। পরে ভবনটি থেকে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস মিলে আহতাবস্থায় মোট ৭ জনকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাড়ির মালিক জানে আলমের স্ত্রীসহ পরিবারের ৩ সদস্যও রয়েছেন।
ফায়ার সার্ভিস বলছে, ভবন উল্টে পড়ার খবর পেয়ে তাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে সরেজমিন পরিদর্শনে এসে কেরানীগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভিন তিন্নি ওই ভবনের আশপাশে পানির ওপর দাঁড়িয়ে থাকা আরও ৫টি ঝুঁকিপূর্ণ বাড়ি পরিত্যক্ত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সালেহ উদ্দিন বলেন, কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে ডোবার ওপর নির্মাণ করা হয়েছিল ভবনটি। ঘটনার পর আশপাশের আরও দুটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া ডোবার ওপর নির্মিত আরও পাঁচটি ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। বিচ্ছিন্ন করা হয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ। বাড়ির মালিক
জানে আলম জানান, উল্টে পড়া বাড়িটিতে তিনি, তার স্ত্রী, মা, ছেলে ও তার বউ এবং একজন কাজের লোক ছিলেন। সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ ভবনটি ধসে যায়। বাড়িটি ২০০০ সালে নির্মাণ করা হয়েছে। এর জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি। বাড়িটি যখন নির্মাণ করা হয়েছিল পাশে একটা নিচু জমি ছিল। তবে গত কয়েকবছর এ নিচু জমির পানি আসা-যাওয়া না করতে পারায় ভবনের পাশে পানি জমে থাকত।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, উল্টে পড়া ভবনটি থেকে উদ্ধার আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে ওই বাড়ির পাশে আরও পাঁচটি ভবন থেকে লোকজন সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্নপূর্বক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভবনগুলোয় চলাচল সীমিত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রকৌশলী, কেরানীগঞ্জকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে সাত সদস্যের একটি তদন্ত কমিটি। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি প্রতিবেদন প্রকাশ করবে। এর পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।











































