খুলনাঞ্চল রিপোর্ট:
ঘোড়াশাল সার কারখানায় নির্মাণাধীন অ্যামোনিয়া ফ্যক্টরি ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সার কারখানায় নির্মাণাধীন অ্যামোনিয়া ফ্যক্টরি ভবনে লাগা আগুন পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবন নির্মাণের কাজে ব্যাবহৃত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পলাশের দুইটি এবং নরসিংদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে, কারখানায় নির্মাণাধীন অ্যামোনিয়া ফ্যক্টরি ভবনে পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর ফায়ার সার্ভিস ইউনিটের উপ-পরিচালক নুরুল ইসলাম।
তিনি বলেন, ‘সকাল থেকেই ঘোড়াশাল সার কারখানার অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নব-নির্মিতব্য অ্যামোনিয়া ফ্যক্টরি ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে পাইলিং তিতাস গ্যাসের পাইপ লাইনে পৌঁছলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তিতাস গ্যাস কোম্পানির লোকজন ঘটনাস্থলে পৌঁছে বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধ করে। এরপর আগুন নেভানো সম্ভব হয়েছে।’
নির্মাণ কাজের সুপার ভাইজার বাবু মিয়া বলেন, ‘আগুনে পাইলিং কাজে ব্যাবহৃত প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ উপজেলার সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ,পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরীফুল হক।











































