Home জাতীয় বিএনপিতে ফের মামলা ও গ্রেফতার আতঙ্ক

বিএনপিতে ফের মামলা ও গ্রেফতার আতঙ্ক

13


বিশেষ প্রতিনিধি, ঢাকা


দীর্ঘদিন পর সাংগঠনিক তৎপরতার পালে একটু হাওয়া আসতেই ফের মামলা ও গ্রেফতার আতঙ্কে ভুগছে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে দলটির প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বিএনপির সিনিয়র নেতা থেকে শুরু করে মধ্যম সারির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকেও বেশ কয়েকজনকে আটকের পর ২৯ জনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডেও নিয়েছে পুলিশ। এ ঘটনার পর থেকে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। ওই সমাবেশে উপস্থিত থাকা বিএনপির একাধিক নেতা বলেছেন, সমাবেশ সরকারের চক্ষুশূলে পরিণত হয়েছে। এখন সরকার প্রশাসন দিয়ে হয়রানি করবে, যাতে বিএনপির সামনের কর্মসূচি সফলভাবে পালিত না হয়। আজ দেশের ছয় সিটিতে ভোট কারচুপির প্রতিবাদে সমাবেশ হবে। ওই সমাবেশগুলোতেও পুলিশের বাধা ও সংঘর্ষের আশঙ্কা করছেন বিএনপি নেতারা। প্রেসক্লাবে লাঠিপেটার ঘটনায় দলীয় কর্মীকে গ্রেফতার থেকে রক্ষা করার পর আলোচনায় চলে এসেছেন বিএনপির তরুণ নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। সোমবার তিনি গনমাধ্যমকে বলেন, আমরা সব বাধা উপেক্ষা করে লড়ে যাব। সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে সবসময় আমাদের দমানোর চেষ্টা করছে। এখন মামলার ভয় দেখাচ্ছে। কিন্তু এসবে আন্দোলন দমানো যাবে না। এখন থেকে আঘাত এলে জবাবও দেওয়া হবে। ছাত্রদলের সহসভাপতি মামুন খান বলেন, আমাদের মূল প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ নয়, পুলিশ প্রশাসন।

পুলিশ বর্তমানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত হয়েছে। এটাই বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তিনি বলেন, মামলা-হামলা এক যুগ ধরেই চলছে, এটা নতুন কিছু নয়। পরবর্তী সমাবেশে এর কোনো প্রভাব পড়বে না। আমরা কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চালিয়ে যাব। জানা গেছে, নতুন বছরে দলকে চাঙ্গা করার লক্ষ্যে নানা কৌশল নিয়ে এগোচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি দিচ্ছে দলটি। কেন্দ্রীয় নেতারা বিভিন্ন এলাকা সফর করবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক অনুষ্ঠানে বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির সক্রিয় নেতাদের টার্গেট করে নতুন নতুন মামলা দিচ্ছে। মামলা-হামলা করে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে না। জনগণ তাদের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। হামলা-মামলা দিয়ে দলের কর্মসূচি ঠেকানো যাবে না। আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও ভোটে অনিয়মের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাব।
জানা গেছে, শনিবার রাতে রমনা থানায় হওয়া মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩২ জন এজাহারনামীয়সহ অজ্ঞাতপরিচয় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের মধ্যে রয়েছেনÑ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ও ঢাকা দক্ষিণ বিএনপির হাবিব-উন-নবী খান সোহেল ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়চৌধুরী। একই রাতে শাহবাগ থানায়ও একই অভিযোগে ২৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতপরিচয় আরও শতাধিক নেতাকর্মীকে আসামি করে পৃথক মামলা করে পুলিশ। শাহবাগ ও রমনা থানার পৃথক দুটি মামলায় গ্রেফতারকৃত বিএনপির ২৯ নেতাকর্মী বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল করেছে বিএনপি। বিএনপির ওই মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দিয়ে চারজনকে আটক করে বলে দাবি করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সবচেয়ে বেশি হামলা ও ঝামেলায় পড়তে হচ্ছে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। মূলত সক্রিয় নেতাদের ‘টার্গেট’ করে করে নতুন মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে গুরুত্বপূর্ণ নেতাদের। তাদের পুরনো মামলায় ‘অজ্ঞাতপরিচয়’ আসামির স্থানে নাম ঢুকিয়ে গ্রেফতার দেখানো হচ্ছে। দ্রুতগতিতে দেওয়া হচ্ছে বিভিন্ন মামলার চার্জশিট। সামনে চাপে রাখার কৌশল হিসেবে সরকার এসব করছেÑ বলেন দলটির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করেই সরকার থেমে থাকেনি, নানাভাবে মানসিক নির্যাতনও করা হচ্ছে।


তবে ক্ষমতাসীন দল বিএনপির এসব অভিযোগ মানতে নারাজ। সোমবার এবং তার আগের দিন পৃথক দুটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে বিএনপি গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। বিএনপির অপরাজনীতির ষোলোআনাই জনগণ এখন বুঝে ফেলছে। তারা জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টাও করছে বিএনপি। আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে না; বরং বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে ছাড় দেওয়া হবে না।


প্রসঙ্গত, রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত শনিবার বিএনপির বিক্ষোভ সমাবেশকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকসহ অনেকেই আহত হন। এ ঘটনার পর শনিবার রাতেই পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ দুশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় পৃথক দুটি মামলা করে পুলিশ।