স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগম (৪২) হত্যা মামলার রায়ে গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবিরনের পরিবার। দ্রুত রায় কার্যকর করার প্রত্যাশা তাদের। সেই সঙ্গে যে দালালের মাধ্যমে আবিরন সৌদি যান তারও বিচার দাবি করেন তারা।
আবিরন বেগমের বৃদ্ধ বাবা আনছার আলী সরদার বলেন, ‘এই রায়ে আমরা খুশি। আবিরনকে তো আর ফিরে পাব না, রায় কার্যকর যেন দেখে যেতে পারি। যে দালালের মাধ্যমে ও সৌদি গিয়েছিল তারও যেন বিচার হয়।’
আবিরনের বৃদ্ধা মা নেছারুন বেগম ও বোন রেশমা আকতার জানান, আবিরন সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের দালাল রবিউল ইসলামের মাধ্যমে সৌদি আরবে যান।
তাদের পরিবারকে সহযোগিতার জন্য সরকার, মানবাধিকার কমিশন ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবিরনের মা-বাবা ও বোন।
এদিকে দালাল রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে এলাকায় পাওয়া যায়নি।
খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের আনছার আলী সরদারের ৬ মেয়ের মধ্যে আবিরন ছিলেন মেঝো। ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল গ্রামের কওছার আলী শেখের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু সন্তান না হওয়ায় তার স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর আবিরন বাবার বাড়িতে চলে আসেন এবং সেখান থেকে ২০১৭ সালে দালালের মাধ্যমে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবের রিয়াদে যান।
২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়ায় সৌদি গৃহকর্ত্রী তাকে পিটিয়ে ও গরম পানিতে ঝলসে হত্যা করে। ওই বছরের ২৪ অক্টোবর তার লাশ দেশে আসে।
এ ঘটনায় রিয়াদের ক্রিমিনাল কোর্ট স্থানীয় সময় রোববার ওই সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ডের রায় দেন। পাশাপাশি গৃহকর্তার কারাদণ্ড ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
( ছবি: আবিরনের বাবা আনছার আলী সরদার ও মা নেছারুন বেগম)











































