আহাদ আলী, স্টাফ রিপোর্টার:
শীতের দুপুর সূর্যের উত্তাপের মধ্যেও সোনাডাঙ্গা বাইপাস সড়কে গেলে মনে হতে পারে ঘন কুয়াশা এখনও কাটেনি। চোখ মেলে দেখতে না পারলেও চোখে হাত দিয়ে মিটমিট তাকালেই বুঝতে পারবেন কুয়াশা নয়, বাইপাস সড়কের ধুলাবালিতে চারদিকে ঘন কুয়াশার মতো আচ্ছন্ন হয়ে আছে। ২ দশমিক ১৬ কিলোমিটারের সোনাডাঙ্গা বাইপাস সড়কটি ২০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ২০১১ সালে নির্মাণ করে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। ২০১১ সালে কাজ শুরু হয়ে ২০১৩ সালের ২৬ জুন শেষ করে প্রতিষ্ঠানটি। ওই বছরের ডিসেম্বরে সড়কটির ময়ূর নদের পূর্ব পারের অংশ খুলনা সিটি করপোরেশনকে ও পশ্চিম পারের অংশ এলজিইডির কাছে হস্তান্তরের চিঠি দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)।
নিয়ম মাফিক কাজ না হওয়ায় এলজিইডি কেডিএ থেকে রাস্তা বুঝে নেয়নি। তবে কেসিসির তৎকালীন মেয়র মনিরুজ্জামান মনি সিটি কর্পোরেশনের অংশটি বুঝে নেন। মানসম্মত কাজ না হওয়ায় কিছুদিনের মধ্যেই রাস্তাটি ভেঙে যায়। রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক এসে রাস্তাটির মান নিয়ে প্রশ্ন তোলেন।
সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাইপাস সড়কের এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি চলাচল করছে। এ কারণে খুব অল্প সময়ের মধ্যেই রাস্তাটি ভেঙে গেছে। অপর দিকে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের সকল সুবিধা ভোগ করছে কেডিএ। সুতরাং কেডিএ সিটি করপোরেশনকে সোনাডাঙ্গা বাসট্যান্ড বুঝিয়ে দিলে সিটি কর্পোরেশন কাজটি করে দিবে। নিম্নমানের রাস্তা করে তা আমার আগের মেয়রকে বুঝিয়ে দিয়েছে। আর এই জন্যই কিছুদিন যেতে না যেতেই রাস্তাটি ভেঙ্গে গিয়েছিল। সুতরাং এ ক্ষতিপূরণ সিটি কর্পোরেশন দিবে না।

কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: মাহবুবুল ইসলাম বলেন, আমি কাজে যোগদান করে মেয়রের সাথে দেখা করেছি। প্রয়োজনে আবারও দেখা করব। তবে আমরা যে কোন রাস্তা তৈরি করে রাস্তাটি হস্তান্তর করে দিতে পারি। কিন্তু রাস্তা সংস্কারের জন্য আমাদের কাছে কোনো অর্থ বরাদ্দ থাকে না। এজন্য আমাদের পক্ষে রাস্তাটি সংস্কার করা সম্ভব নয়।
গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন বলেন, নগরের সাধারণ জনগণ চায় নাগরিক সুযোগ-সুবিধা। পাঁচ থেকে দশ বছর একটি রাস্তা এভাবে ভেঙ্গে পড়ে আছে সিটি কর্পোরেশন এবং কেডিএর দ্বন্দ্বের কারণে। সকল দ্বন্দ্ব সমাধান করে খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা জরুরী।
সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের স্থানীয় ব্যবসায়ী ও মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক শাজাহান সুজন বলেন, আমরা নিজ দায়িত্বে, নিজেরা দোকানদারদের থেকে টাকা তুলে রাস্তাটি একাধিকবার সংস্কার করেছি। কিন্তু তা যথেষ্ট নয়। সুতরাং বাস মালিক, স্থানীয় ব্যবসায়ী, হোল্ডিং মালিক এবং যাত্রীদের কথা বিবেচনা করে রাস্তাটির দ্রুত সংস্কার করা প্রয়োজন।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম বেবি বলেন, বাইপাস সড়ক সংস্কার না হওয়ার কারণে বেয়ারিং, টায়ার, স্পেলিন্ডার অনেক কিছু ভেঙ্গে গাড়ি নষ্ট হচ্ছে, অনেক সময় গাড়ি উল্টে পড়লে তা আবার রেকার দিয়ে চলতে হচ্ছে, এভাবে গড়ে শুধু বাস মিনিবাসে প্রতিদিন আমাদের সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হচ্ছে। কেডিএর সাথে আমরা একাধিকবার মিটিং করেছি, চিঠি দিয়েছি। কিন্তু ফলাফল জিরো। মাসে শুধুমাত্র রাস্তাটি সংস্কার না করায় প্রতি মাসে আমাদের ক্ষতি হচ্ছে ১ কোটি ২০ লক্ষ টাকা।











































