Home আঞ্চলিক নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে: নিহতদের পরিবারে শোকের মাতম থামছেই না

নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে: নিহতদের পরিবারে শোকের মাতম থামছেই না

8

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ::

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সর্বশেষ বৃহস্পতিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। বুধবার বিকালে দূর্ঘটনাস্থলে ৯ জন ও একাধিক হাসপাতালে আরো ৩ জনসহ গভীর রাত পর্যন্ত  মোট  ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনই ছিলেন যশোর এম এম কলেজের মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষার্থী। তারা কলেজে পরীক্ষা শেষে যাত্রীবাহি জে কে পরিবহনে বাড়িতে ফিরছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার মারা গেলেন যশোরে চিকিৎসাধীন নড়াইলের আব্দুর রশিদ মোড়ল (৫৩)। এদিকে নিহতদের পরিবারে শোকের মাতম থামছেই না।

এই দূর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। কৃষক পরিবারে কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছে তাদের পরিবার। ফলে তারা ছিলেন পরিবারের আশার প্রদীপ। ফলে প্রত্যেকের বাড়ি ও গ্রামবাসীর মধ্যে শোকের মাতম কাটছেনা। শিক্ষা জীবনের শেষ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ গেল তাদের। কালীগঞ্জ উপজেলার বড় ভাটপাড়া গ্রামের হতদরিদ্র সনাতন দাশের পরিবারে শোকের মাতম যেন থামছেনা। ছেলেকে হারিয়ে তার বাবা মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিহত সনাতনের বাবা রনজিৎ দাস বলেন, রাজমিস্ত্রীর কাজ করে ছেলেকে পড়ালেখার খরচ চালাচ্ছিলেন। খুব কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলের ভবিষ্যত গড়ছিলেন। আশা ছিল একদিন সে চাকরি করে সংসারের হাল ধরবে। অভাব ঘুচাবে সবখানে। কিন্ত এ যেন ঘুম ভাঙতেই সেই স্বপ্ন মলিন হয়ে গেলো।

একই উপজেলার সুন্দরপুর গ্রামের নিহত মুস্তাফিজুর রহমান কল্লোলের ভাই নাসির উদ্দিন বলেন,তার বড্ড আদরের ভাই বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে চাকরী করতেন। পোস্টিং ছিল সাতক্ষীরাতে। চাকুরীরত অবস্থায় উচ্চ শিক্ষা লাভ করে চাকুরীতে প্রমোশন পাবেন। এমন আশায় মাস্টার্স পরীক্ষা শেষে বাড়িতে সকলের সাথে দেখা করতে আসছিলেন। কিন্তু চালকের অসচেতনতায় বাস দুর্ঘটনায় আমাদের সব শেষ হয়ে গেলো।

আত্বীয়তার সম্পর্ক। রক্তের টান নেই। কিন্ত কল্লোলের প্রতি ভালোবাসায় তার দুলাভাই আলমগীর কবিরও  বাড়ির একপাশে বসে অঝোরে কাঁদছেন। একটি কৃষক পরিবারে জন্ম কল্লোলের। কষ্ট করে গাছটি লালন পালন করে মাত্র ফুল ফুটেছিল কিন্ত অকালেই ঝরে সব শেষ হয়ে গেলো।

এদিকে ওইদিনের মর্মান্তিক ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী উপজেলার সাদিকপুর গ্রামের সাজেদুল ইসলাম তার অনুভ’তি জানিয়ে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জের ফায়ার সার্ভিস ,বারোবাজার হাইওয়ে পুলিশের কর্মিরা ও স্থানীয় লোকজন প্রায় ৪৫ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি ও মৃতদেহ উদ্ধার করেছেন। আর মানুষের রক্তে লাল হয়েছে ঘটনাস্থল। মানুষের এমন বিপদ সে কোনদিন দেখেনি। সে আরো জানায়, আমি গিয়ে উদ্ধারে অংশ নিয়ে কাজ করেছি আর অঝোরে কেঁদেছি। আরও কেঁদেছি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারসহ প্রশাসন, আর এলাকাবাসীর বাড়ানো আন্তরিকতার সাহায্য দেখে।

উল্লেখ্য, বুধবার বিকেলে উপজেলার বারোবাজার তেলপাম্পের সন্মুখে ঝিনাইদহগামী জেকে পরিবহনের একটি বাস ও  ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে আড়াআড়ি উল্টে পড়ে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরো ৩ জন মারা যায়। দূর্ঘটনায় আহত হয় অন্তত ৩০ জন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহতদের ১২ জনেরই পরিচয় মিলেছে। পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এমন লোমহর্ষক ঘটনা সকলকে স্তব্ধ করে দিয়েছে। কালীগঞ্জে সব শ্রেণীর মানুষের মধ্যে এক ধরনের শোক কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।