মণিরামপুর (যশোর) প্রতিনিধি ॥
যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের বিরুদ্ধে নিময় মেনে অফিসে না আসার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে তারা কেউ সকাল নয়টায় অফিসে ঢোকেন না। নানা অজুহাত দেখিয়ে তারা দেরিতে অফিসে আসেন। অনেকে আবার অফিস ছাড়েন বিকেল পাঁচটার আগে।

বুধবার সরেজমিন সকাল নয়টা সাত মিনিট থেকে নয়টা ৩৮ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদের সব দপ্তর ঘুরে কোন কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি। কিছু দপ্তরের মেইন ফটকে বা দপ্তর প্রধানের কক্ষের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। তবে এসময় বিএডিসি অফিসের সহকারী প্রকৌশলী সন্তু সাহাকে অফিসে বসে কাজ করতে দেখা গেছে।

অভিযোগ রয়েছে, বেশিরভাগ দপ্তরের কর্মকর্তারা দশটার পরে অফিসে আসেন। যদিও নীতিমালায় রয়েছে, অফিসের কর্তারা সকাল নয়টার মধ্যে অফিসে আসবেন। তারপর কাজ থাকলে বাইরে যাবেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকারের কক্ষের দরজা খোলা, তিনি নেই। মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের কক্ষের তালা খোলা দরজা বন্ধ, ভিতরে তিনি নেই। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের দপ্তর খোলা থাকলেও ভিতরে তাকে পাওয়া যায়নি। জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের সহাকারী প্রকৌশলী জয়দেব দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন ও আনসার ভিডিপি অফিসের প্রধান ফারুক হোসেনের দপ্তরে তালা ঝুলছে। উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা আশিকুর রহমান ও উপজেলা প্রকৌশলী সানাউল হকের কক্ষ খোলা থাকলেও তারা অফিসে ছিলেন না। পিআইও অফিসেও কক্ষগুলো তালাবদ্ধ ছিল। সমাজসেবা অফিসে এমএলএসএস রুমাকে ছাড়া কাউকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাচন অফিস এবং একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান ফটকে তালা ঝুলছে। উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারী বিএম আজাদ হাসান ছাড়া কাউকে পাওয়া যায়নি। আর মাধ্যমিক শিক্ষা অফিসে ছিলেন দুইজন পিওন। পাওয়া যায়নি সহকারী সেটেলমেন্ট অফিসার ইব্রাহীম মিয়া ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামনু হোসেন খানকেও।

অফিসপাড়া ঘুরে এসে মোবাইল ফোনে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশচন্দ্র, উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মাহাতাবুল আলম যশোর অফিসে আছেন। আর উপজেলা প্রকৌশলী সানাউল হক সাইড দেখতে গেছেন এবং শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস অফিসের উদ্দেশে বেরিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব কর্মকর্তাদের সবাই যশোর থেকে এসে অফিস করেন।

৯টা ৫০ মিনিটে কথা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামানের সাথে। তিনি তখনও বাসায় ছিলেন। আর মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, তিনি ৯টা ১০ মিনিটের পরে উপজেলা চত্বরের কোয়াটার থেকে বেরিয়েছেন। পিআইও আব্দুল্লাহ বায়েজিদ বলেন, সকাল আটটায় কর্মসূচির কাজ দেখতে রোহিতা ইউনিয়নে গিয়েছিলাম। উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীক),বিআরডিবি সরদার আব্দুর সবুর দুই দিনের ছুটিতে আছেন।
জানতে চাইলে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, সব দপ্তরের কর্মকর্তাদের চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হচ্ছে সবাই যেন বৃহস্পতিবার থেকে নয়টার মধ্যে অফিসে হাজির হন।











































