হাবিব রহমান
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য সামনে রেখে বিদায়ী বছর পুলিশ সপ্তাহ পালন করা হয়। পুলিশ সপ্তাহের দুই মাস পরই দেশে নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। করোনার শুরুর দিকে লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। ছড়িয়ে পড়ে নজিরবিহীন আতঙ্ক, উদ্বেগ। এ সময় করোনায় মারা যাওয়া মানুষের লাশ দাফন নিয়ে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। করোনাক্রান্ত হওয়ার ভয়ে লাশ ফেলে পালিয়ে যান স্বজনরা। পরবর্তীকালে সেই লাশ দাফন-কাফনে এগিয়ে আসে পুলিশ। স্বজনদের ফেলে যাওয়া লাশের দাফন বা সৎকার পরম মমতায় করেছে পুলিশ। একই সঙ্গে লকডাউন বাস্তবায়ন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নজরদারি, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দেওয়া, ত্রাণ বিতরণসহ নানা ধরনের ইতিবাচক কর্মকা-ে ভূয়সী প্রশংসা কুড়ান পুলিশ সদস্যরা। পুলিশের কট্টর সমালোচকও এই মানবিক পুলিশিংকে প্রশংসা করেন।
তবে মানবিক পুলিশিংয়ের জন্য পুলিশকে অসামান্য মূল্য দিতে হয়েছে। মানবিক মূল্যবোধ, দেশপ্রেমের টানে নিজের জীবন উৎসর্গ করেছেন পুলিশ সদস্যরা। সাধারণ সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ১৮ হাজার ৮০২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন।
ইতোমধ্যে পুলিশের ৮১ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৩ হাজার ১৭৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ২৫ জন।
কিন্তু তাতেও থেমে নেই পুলিশ। জীবনের শেষ পর্যন্ত দেশ ও জাতির সেবায় পুলিশ নিজেদের বিলিয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছে বলে আমাদের সময়কে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা।
স্বাধীনতা সংগ্রামের প্রথম প্রহরে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। ঠিক সেভাবেই মহামারী করোনার এই মানবিক বিপর্যয়কালে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে আবারও প্রতিরোধের ডাক দেয় পুলিশ।
পুলিশ পরিচালিত জাতীয় জরুরি ৯৯৯-এর সেবা প্রান্তিক মানুষের কাছেও পৌঁছেছে। করোনাকালের ঘোর বিপদের দিনে অনেকটা আশার আলো দেখিয়েছে ৯৯৯। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও পুলিশ সেবাপ্রাপ্তি সহজতর হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
করোনাকালে দৌলতদিয়া পতিতা পল্লী ও সমাজের তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা রেঞ্জ পুলিশ। গাজীপুরের এসপি জেলা পুলিশের রেশনসামগ্রী সরাসরি অসহায় মানুষের ত্রাণ ঘোষণা দিয়ে সেসব খাদ্য ও ব্যবহার্য সামগ্রী নিয়ে নিজেই পৌঁছে যান ঘরে ঘরে। চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের বাসায় বাজার পৌঁছে দিতে ‘ডোর টু ডোর শপ’ চালু করে। এভাবেই কারোনাকালে পুলিশ এক আস্থার নামে পরিণত হয়।
সাম্প্রতিক সময়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনাকালের মানবিক পুলিশিংয়ের অর্জন ধরে রাখার আহ্বান জানান।











































