Home জাতীয় দেয়াল উঠেছিল দেশে দেশে

দেয়াল উঠেছিল দেশে দেশে

13

সুমন মজুমদার

বন্ধ বিমান চলাচল, থেমে গেছে বাস-ট্রাক-ট্রেনের চাকা, বিধিনিষেধের জেরে ফাঁকা পড়ে আছে সড়কগুলো, খদ্দের শূন্য রেস্টুরেন্ট, মার্কেট, অফিসগুলোও খা খা করছে। এমনকি চুরি হয়ে গেছে ব্যক্তিগত স্বাধীনতাও। রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়েছে ঘর থেকে বের হতে। যদিওবা প্রয়োজনে বের হওয়া লাগে পরতে হবে মাস্ক, হাতে গ্লাভস, সঙ্গে থাকতে হবে জীবাণুনাশক স্যানিটাইজার। কারও সঙ্গে হাত মেলানো যাবে না, থাকতে হবে অন্তত তিন ফুট দূরত্বে। করোনা মহামারীর কারণে গত ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ, এপ্রিল মাসের অধিকাংশ সময়ই গোটা মানব সমাজ এমনই বিভীষিকাময় দিন পার করেছে। আর এই সময় গোটা দুনিয়ার মানুষকে পরিচয় করিয়ে দিয়েছে বিশেষ এক শব্দের সঙ্গে ‘লকডাউন’।

অদ্ভুত সেই সময়টাতে একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া এশিয়া থেকে আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকে ওশেনিয়া আবার ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত সব মহাদেশেই থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। যা উৎসভূমি চীন ছাড়িয়ে তখন ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকায় শুরু করেছে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। ফলে নিজেদের জনগণকে বাইরের ছোঁয়াচ বাঁচাতে তখন যেন আক্ষরিক অর্থেই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল মহাদেশগুলো। দেশে দেশে যেনঅলিখিতভাবে উঠেছিল দেয়াল। বন্ধ হয়ে গিয়েছিল আকাশ, জল এবং স্থল সীমান্ত, স্থগিত ছিল বাণিজ্যিক যোগাযোগও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগকে বৈশ্বিক মহামারী বা অতিমারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা নিয়ে বিভিন্ন দেশে আতঙ্ক বেড়ে যায় আরও।

গত মার্চ, এপ্রিল মাসের পত্রিকাগুলো খেয়াল করলেই দেখা যায়, করোনা নিয়ে কেমন ভীতিকর এক পরিবেশ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। সংক্রমণের বাড়বাড়ন্তে লকডাউন আরোপের কারণে একসময় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা ইউরোপ। প্রথমে সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতিতে গোটা ইতালিকে অবরুদ্ধ অঞ্চল ঘোষণা করে দেশটির সরকার। এরপর ধীরে ধীরে লকডাউন আরোপ করতে থাকে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ডেনমার্কসহ ইউরোপের অন্যান্য দেশও। তখনো যুক্তরাষ্ট্রে সংক্রমণ পরিস্থিতি এখনকার মতো নাজুক ছিল না। ফলে ইউরোপের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেই দায় সারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কিন্তু মার্চের শেষ দিকে পরিস্থিতি ঘুরে যায় পুরো উল্টোদিকে। এপ্রিলের মধ্যেই পৃথিবীর সব দেশকে টপকে সংক্রমণের শীর্ষে চলে আসে যুক্তরাষ্ট্র। ফলে তারাও প্রায় দেশজুড়ে লকডাউন আরোপে বাধ্য হয়।

এশিয়ার অবস্থাও সে সময় ছিল নাজুক। এই ভাইরাসের কারণে চীন আগেই গোটা দুনিয়া থেকে তখন প্রায় বিচ্ছিন্ন রয়েছে। প্রায় অবরুদ্ধ অবস্থা চলছে দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে। তার মধ্যেই ভারত ঘোষণা দেয় সব দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধের। বাতিল করা হয় অনেক দেশের অনঅ্যারাইভাল ভিসা ও ফ্লাইট। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশও ইতালি, চীনসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের অনঅ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির জন্য তখন ইরান বাকি বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন। ভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। এ ছাড়া সতর্ক অবস্থানে থেকে দেশজুড়ে লকডাউন আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে অস্ট্রেলিয়া-ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের দেশগুলো। বাতিল হয় বৈশ্বিক সম্মেলন থেকে শুরু করে খেলাধুলার ইভেন্টও।

তবে জুন-জুলাইর দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করলে বিভিন্ন দেশ লকডাউন তুলতে শুরু করে। জুনের মাঝামাঝি থেকে লকডাউন উঠে যায় ইউরোপের দেশগুলো থেকে। এ ছাড়া লকডাউনের কড়াকড়ি শিথিল হয় এশিয়ায় ও আমেরিকা মহাদেশেও। মধ্যপ্রাচের দেশগুলোও খুলতে শুরু করে সীমান্ত। তবে তারপরও স্বাস্থ্যবিধির কড়াকড়ির জন্য অনেকদিন বিভিন্ন দেশে বন্ধ ছিল বিমান চলাচল। ফলে মারাত্মক সমস্যার মধ্যে পড়েন এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়া শ্রমিকরা।