বেনাপোল প্রতিনিধি
ভারত থেকে আসা ৩৩ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারাইন্টাইনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। প্রত্যেকেই ক্যান্সার ও হার্টের রুগী।
শনিবার সকালে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
বেনাপোল ইমিগ্রেশনের মেডিকেল অফিসার সুমন সেন জানান, প্রথম ধাপে দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামুলক ছিল। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীর জন্য ৭২ ঘন্টার করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে পরারাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনায়। তারই ধারাবাহিকতায় ভারত থেকে আসা বাংলাদেশি যাত্রী সহ বিদেশী যাত্রীদের জন্য গত ১ ডিসেম্বর থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। আর যেসব যাত্রীর করোনা নেগেটিভ সার্টফিকেট আনছেন না তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে।
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আ: রহিম জানান, আমি ক্যান্সার রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করেছি। আমার জানা ছিলনা ফেরার সময় করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। জানলে অবশ্যই করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মহসিন উদ্দিন জানান, শুক্রবার ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারাইনটেনে পাঠানো হয়েছে। প্রত্যেকেই ক্যান্সার ও হার্টের রুগী। চিকিৎসার জন্য দুই থেকে আড়াই মাস তারা ভারতে অবস্থান করেছে।











































