ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে এক পরিবারের বসতভিটায় থাকা গাছ-পালা কেটে বাড়ী প্রবেশের পথ ঘিরে দিয়েছে প্রতিপক্ষ। ফলে মানবেতর জীবন যাপন করছে ভুক্তভোগী পরিবারটি। শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের গজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,উপজেলার গজেন্দ্রপুর এলাকার মৃত কালিপদ মন্ডলের পুত্র উপজেলা প্রকৌশল অফিসে কর্মরত পলাশ কুমার মন্ডল স্থানীয় রমেন্দ্র চ্যাটার্জী দম্পতির নিকট থেকে ১১ শতাংশ জমি ক্রয় করে প্রায় ৩ যুগ ধরে বসবাস করে আসছে। থুকড়া-রংপুর ইউনিয়ন পরিষদ অভিমুখী এলজিইডি সড়কের পাশে থাকা বসতভিটায় আম,পেয়ারাসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করেছে পরিবারটি। সম্প্রতি একই এলাকার বিধান চন্দ্র মন্ডল নামের এক প্রভাবশালী ব্যক্তি ওই বাড়ির সামনের জমি নিজের দাবি করে জবর দখলের চেষ্টা চালিয়ে আসছে।
তারই জের ধরে ঘটনার দিন সকালে ১০/১৫ জন দা,লাঠি,শাবল নিয়ে বাড়ির সামনে সড়কে থাকা বিভিন্ন প্রজাতির ২৫/৩০টি বৃক্ষ কেটে সাবাড় করে দেয়। সাথে সাথে পলাশের বাড়িতে প্রবেশের একমাত্র পথ ঘেরাবেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে ওই পরিবারে লোকজন অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ খান শাকুর আহমেদ বলেন,খুবই এটা অমানবিক কাজ হয়েছে।যারাই এজ করেছে তাদেরকে ধিক্কার জানাই।তিনি আরও বলেন,ঘটনাস্থলে গিয়ে শীঘ্রই বাড়ী যাতায়াতের পথ অবমুক্ত করা হবে। এ প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।











































