Home আঞ্চলিক বসতবাড়ির জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

বসতবাড়ির জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

6


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামের ঘটনা এটি।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার আপন বড় ভাই তোফাজ্জেল মালিথা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।