স্পোর্টস ডেস্ক।।
সিরিজের প্রথম দুই ম্যাচে ফিফটির পর শেষ ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল সাহিবজাদা ফারহান। টানা তৃতীয় ফিফটিতে ছাড়িয়ে গেলেন ভারতের অভিষেক শার্মাকে, গড়লেন নতুন রেকর্ড।
কিন্তু পাকিস্তান অধিনায়কের ব্যক্তিগত সাফল্যের দিনে দলকে জিততে দিলেন না কুসল মেন্ডিস। শ্রীলঙ্কান অধিনায়কের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় জয় পেল সফরকারীরা।
রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের ৮ উইকেটে ১৬৮ রানের সংগ্রহ ১৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় তারা।
অবশ্য এই হারে সিরিজের ফল বদলায়নি। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা পাকিস্তান শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেছে।
দলের হারের দিনেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ফারহান। ৪৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিন ম্যাচের সিরিজে তার সংগ্রহ দাঁড়ায় ২৩৮ রান। টেস্ট খেলুড়ে দুই দেশের মধ্যে তিন ম্যাচের দ্বিপক্ষীয় পুরুষ টি-টোয়েন্টি সিরিজে এটিই এখন সর্বোচ্চ রানের রেকর্ড।
এর আগে রেকর্ডটি ছিল অভিষেক শার্মার। চলতি বছরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ২২৯ রান করেছিলেন ভারতীয় ওপেনার। তাকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো। ২০২৩-২৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ২২৩ রান করেছিলেন তিনি।
এরপর আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্নার করেছিলেন ২১৭ রান। একই বছর আয়ারল্যান্ডের বিপক্ষে জাজাইয়ের সংগ্রহ ছিল ২০৪ রান।
রেকর্ড গড়ার পথে এদিনও দারুণ ব্যাটিং করেন ফারহান। পাকিস্তানের ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তিনি। ৪৭ বলের ইনিংসে মারেন ৭টি চার ও ৩টি ছক্কা।
তার ৭৬ রানের পাশাপাশি শেষ দিকে আরাফাত মিনহাসের অপরাজিত ৩৪ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।
কিন্তু সেই রানও যথেষ্ট হয়নি শ্রীলঙ্কার সামনে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুসল মেন্ডিস। পাকিস্তানের বোলারদের তেমন কোনো সুযোগ না দিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান অধিনায়ক।
তার ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে ১৭.১ ওভারেই ২ উইকেটে ১৭২ রান তুলে নেয় সফরকারীরা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে মেন্ডিসের হাতে।
শুরুর দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করা শ্রীলঙ্কা শেষ ম্যাচে তাই অন্তত সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।
গত ৯ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। দুই দিন পর দ্বিতীয় ম্যাচে তাদের জয় ছিল আরও দাপুটে, ৮২ রানে। তবে তৃতীয় ম্যাচে সেই ছন্দ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচ শেষে হারের হতাশা থাকলেও সিরিজজুড়ে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ফারহান। নিজের দুর্দান্ত ফর্ম যতটা সম্ভব ধরে রাখার কথাও জানালেন পাকিস্তান অধিনায়ক, ‘প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে বড় লক্ষ্য দিয়েছিলাম, আজও পরিকল্পনা ছিল একই। কিন্তু এটা ক্রিকেট, এখানে যেকোনো কিছুই হতে পারে। চেষ্টা থাকে ধারাবাহিকতা ধরে রাখার।’
নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমি যখন ভালো খেলি, পরের ম্যাচে আরও ভালো করার দিকে মনোযোগ বেড়ে যায়। ক্রিকেটে সব সময় ফর্মে থাকা যায় না। তাই এই সময়টাকে যতটা সম্ভব কাজে লাগাতে চাই।’











































