মাগুরা প্রতিনিধি।।
আশ্বিন মাসের শেষ পর্যায়ে এসে প্রকৃতিতে লেগেছে এক নতুন পরিবর্তনের ছোঁয়া। সবুজ ঘাসের ডগায় জমে থাকা মুক্তাদানা সম শিশিরবিন্দু আর ভোরের হিমেল হাওয়া স্পষ্ট বার্তা জানিয়ে দিচ্ছে—দরজায় কড়া নাড়ছে শীত।
সরেজমিনে দেখা যায়, বিকাল গড়াতেই প্রকৃতিতে ধীরে ধীরে নামতে শুরু করে হালকা কুয়াশা। সন্ধ্যা হতে না হতেই চারপাশ ধোঁয়ার মতো ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। গভীর রাতে প্রকৃতির এ রূপ আরও গাঢ় হয়, আর ভোরের আলো ফুটতেই সবুজ ঘাসের ডগায় উঁকি দেয় শিশিরবিন্দু। সকালের প্রথম রোদ যখন সেই শিশিরে পড়ে, তখন তা মুক্তার মতো ঝিকমিক করে ওঠে।
পাশাপাশি উত্তরের হিমেল হাওয়ায় বাড়তে শুরু করেছে রাতের ঠান্ডা। দিনে রোদের উত্তাপ কিছুটা থাকলেও রাত ও ভোরের হিম ভাব গ্রামীণ জীবনে এনে দিয়েছে এক প্রশান্তিময় আমেজ। ষড়ঋতুর বাংলাদেশে আশ্বিনের বিদায়লগ্নে এ রূপই যেন শীতের আগাম নিমন্ত্রণ জানিয়ে যায় প্রকৃতিপ্রেমীদের।









































