Home আঞ্চলিক শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

4


স্টাফ রিপোর্টার।।

খুলনার দৌলতপুর থানার একাধিক হত্যা মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসী আরমানের অন্যতম সহযোগী ওসমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ এবং এসআরবি-১২-এর যৌথ দল। গ্রেপ্তার হওয়া ওসমান নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার দেওয়ান মুন্সির ছেলে।

এসআরবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানি এবং এসআরবি-১২-এর যৌথ দল রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি ওসমান খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ আরমান বাহিনীর প্রধান আরমানের অন্যতম সহযোগী।

তার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর দৌলতপুর, খানজাহান আলী ও আড়ংঘাটা থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি ওসমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।