Home খেলাধুলা পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

2

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ মেয়েদের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩২ রানে হারিয়েছে সাদিয়া ইসলামের দল। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ হারলেও পাকিস্তানের বিপক্ষে তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে বাংলাদেশের মেয়েরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার অচেনা জান্নাত। নিশিতা আক্তার নিশি করেন ২০ রান, আর শিরিনা খাতুন ৩২ রান করে রিটায়ার্ড আউট হন। শেষ দিকে অধিনায়ক সাদিয়া ইসলামের ব্যাটে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ২৮ বলে ৪৪ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। পাকিস্তানের হয়ে শাহার বানু, মাহনুর জাইব ও রোজিনা আক্তান একটি করে উইকেট নেন।

জবাবে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করেন। তবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১০৪ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।

বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন মেধা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। নিশিতা আক্তার নিশির শিকার দুটি। এ ছাড়া আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্ণা একটি করে উইকেট পান।

আগামী ১৬ অক্টোবর ইকবাল স্টেডিয়ামেই শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।