Home বিনোদন অপু বিশ্বাসের জন্মদিনে পুত্র জয় কী লিখল?

অপু বিশ্বাসের জন্মদিনে পুত্র জয় কী লিখল?

2



বিনোদন ডেস্ক ||

দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন ‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস। রবিবার (১১ অক্টোবর) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনে মাকে শুভেচ্ছা জানিয়েছেন তার পুত্র আব্রাম খান জয়।

অপু বিশ্বাসের জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে জয়। এসব ছবির ক্যাপশনে তারকাপুত্র জয় লেখে—“হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।” এরপর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন অপু বিশ্বাস।

বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে অপু বিশ্বাস সবার ছোট। ১৯৮৩ সালের ১১ অক্টোবর বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। মায়ের উত্সাহেই মূলত নাচ শিখতে শুরু করেন অপু। হাতেখড়ি বগুড়ার বুলবুল ললিতকলা একাডেমিতে।

অপু বিশ্বাস শিক্ষাজীবন শুরু করেন বগুড়ার এসওএস হারম্যান মেইনার স্কুলে। তারপর আলোর মেলা কেজি স্কুল থেকে প্রাইমারি ও ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পাস করেন। পরে সরকারি মুজিবুর রহমান কলেজে ইন্টারমিডিয়টে ভর্তি হন।

অপু বিশ্বাস পরিবারের সবার কাছে মেঘা নামে পরিচিত। তবে ঢাকাই চলচ্চিত্রে তার পরিচয় অপু বিশ্বাস নামেই। ক্লাস নাইনে পড়া অবস্থায় নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম হন অপু। অভিনয়শিল্পী আহসানুল হক মিনুর মাধ্যমে যোগাযোগ হয় গুণী নির্মাতা আমজাদ হোসেনের সঙ্গে। ২০০৪ সালে এই পরিচালকের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। তখন অপু বিশ্বাস নবম শ্রেণির ছাত্রী।

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন অপু। সিনেমাটি ব্যবসা সফল হওয়ার পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। রাতারাতি তারকা বনে যান তিনি। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের মাঝে দারুণ গ্রহণযোগ্যতা পায়।

২০০৭ সালে মান্নার বিপরীতে ‘মেশিনম্যান’ সিনেমা, শাকিব খানের বিপরীতে ‘কাবিননামা’ সিনেমায় অভিনয় করেন অপু। এই জুটি একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন। তাদের অভিনীত সিনেমার তালিকায় রয়েছে—‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘কিং খান’, ‘বুক ফোটে তো মুখ ফোটে না’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা,’ ‘মনে প্রাণে আছ তুমি’, ‘ভালোবাসার লাল গোলাপ’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘জান আমার জান’, ‘মনে বড় কষ্ট’, ‘মাই নেম ইজ খান’, ‘সম্রাট’, ‘রাজনীতি’ প্রভৃতি।

২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু–শাকিব জুটি একাধারে ৭০ টির মতো সিনেমায় অভিনয় করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবজীবনে প্রেমের সম্পর্কে জড়ান তারা। শাকিব খানের বাইরে অপু পর্দায় জুটি বেঁধেছেন মান্না, ফেরদৌস, রিয়াজ, আমিন খান, অমিত হাসান, ইমন, কাজী মারুফ, নীরব, কলকাতার ইন্দ্রনীলের সঙ্গে।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল গোপনে শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের পর তারা কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। ২০১৭ সালের ১০ এপ্রিল, বিকেলে একটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। আব্রাম খান জয় এ দম্পতির একমাত্র সন্তান। ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে শাকিব ও অপুর বিবাহিত জীবনের অবসান ঘটে।