যশোর প্রতিনিধি।।
যশোর সদর উপজেলায় করিমন চুরির সন্দেহে গণপিটুনিতে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মনিরুজ্জামান নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া বিল্লাল হোসেন নামে আরও একজন খালে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ রয়েছেন।
গতকাল শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পাশের ঝিকরগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে মনিরুজ্জামান, মিজানুর রহমান ও বিল্লাল হোসেন চান্দুটিয়া গ্রাম থেকে একটি ইঞ্জিনচালিত করিমন চুরি করে পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে তাঁরা চান্দুটিয়া সুইস খালের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানুর রহমান ও বিল্লাল হোসেন খালে ঝাঁপ দেন। পরে মনিরুজ্জামান ও মিজানুর রহমানকে ধরে মারধর করেন স্থানীয় লোকজন।
পরে পুলিশ মিজানুর রহমান ও মনিরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুজ্জামান যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে খালে ঝাঁপ দেওয়ার পর থেকে বিল্লাল হোসেন নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে খালে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘চুরির অভিযোগে গণপিটুনিতে একজন মারা গেছেন। একজন খালে নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে খালে ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। তিনি খালে আছেন, নাকি পালিয়ে গেছেন, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না। আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ নজরদারি করছে।’








































