স্টাফ রিপোর্টার।।
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে খুলনায় একজন ও ঝিনাইদহে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৯২ জনের মধ্যে ২৩৩ জন সরকারি এবং ৫৯ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় এককভাবে সবচেয়ে বেশি আক্রান্ত খুলনা জেলায়, একদিনেই ১০৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন (সরকারি ৫৫, বেসরকারি ৫৪)। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ৩৬ জন ভর্তি হয়েছেন।
অন্যান্য জেলার মধ্যে বাগেরহাটে ৩৬ জন, যশোরে ২৮ জন, ঝিনাইদহে ১৯ জন, কুষ্টিয়ায় ১৩ জন, সাতক্ষীরা জেলায় ১৩ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, মেহেরপুরে ১০ জন, মাগুরায় ৭ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জনে পৌঁছেছে, যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ২৭ জন এবং খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২৩ জন মারা গেছেন।
এছাড়া বাগেরহাটে ৩ জন, যশোর ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ১ জন করে রোগী মারা যান। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত বিভাগ থেকে ৩৯২ জন রোগীকে রেফার করা হয়েছে।











































