স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার কন্ডিশন যে কোনো দলের জন্যই কঠিন, এশিয়ার দলগুলোর জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও লড়তে হবে বাংলাদেশকে।
তবে কঠিন এই চ্যালেঞ্জেও নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া সম্ভব বলে বিশ্বাস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
শুক্রবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।
সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিয়ে কথা বলতে গিয়ে অধিনায়ক নিগার সুলতানা বলেন, এখানকার পরিস্থিতি বাংলাদেশের জন্য একেবারেই ভিন্ন। সেই চ্যালেঞ্জের কথা মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে দল।
ইতোমধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা, যা উইকেট ও কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে সাহায্য করেছে।
অধিনায়কের মতে, কন্ডিশনের পাশাপাশি ম্যাচে সাফল্যের জন্য মানসিকতাটাও গুরুত্বপূর্ণ, ‘আমরা সত্যিই চাই, পুরো দল হিসেবে খেলতে। কারণ আমরা বিশ্বাস করি, যখন আমরা দল হিসেবে এবং একটি ইউনিট হয়ে খেলি, তখন যেকোনো দলকেই চমকে দিতে পারি।’
দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কোচিং করার অভিজ্ঞতা থাকা হেম্প দলের খেলোয়াড়দের উইকেটের ধরন এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সম্ভাব্য কৌশল সম্পর্কে ধারণা দিচ্ছেন। বলে জানালেন অধিনায়ক, ‘তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন; উইকেট কেমন হতে পারে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কীভাবে আমাদের বিপক্ষে আক্রমণ করতে পারে। আমরা নেট সেশনে সেগুলো অনুশীলন করার চেষ্টা করছি।’
বেশ কিছুদিন ধরে ওয়ানডে না খেললেও এই সংস্করণেই নিজেদের সবচেয়ে শক্তিশালী মনে করছেন নিগার। ঘরের মাঠ কিংবা দেশের বাইরে ৫০ ওভারের ক্রিকেটে ভালো করার সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন অধিনায়ক, ‘আমার মনে হয়, এই ফরম্যাটেই আমরা সবচেয়ে ভালো খেলি। দেশের মাটিতে হোক কিংবা দেশের বাইরে, এই ফরম্যাটে আমাদের ভালো করার সামর্থ্য আছে। আমরা এখানে ইতিবাচক ক্রিকেট খেলতে চাই।’
অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল হলেও নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না বাংলাদেশের অধিনায়ক।
বরং নিজেদের পরিকল্পনা ও ইতিবাচক মানসিকতার ওপরই জোর দিচ্ছেন তিনি, ‘তারা বিশ্বের সেরা দল; এটা আমরা সবাই জানি। তবে তাদের বিপক্ষে আমরা কীভাবে খেলছি, আমাদের পদ্ধতিটা কেমন হচ্ছে, সেটার দিকেই বেশি নজর দিতে চাই। নির্দিষ্ট দিনগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের ইতিবাচক থাকতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে হবে। আমরা অবশ্যই তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে খেলব।’











































