আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে যাত্রীবাহী দুটি বাসে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩৩ জন নিহত এবং আহত হয়েছেন আরো ১৮ জন।
স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেন, সাধারণ মানুষের প্রাণহানি বাড়াতেই পরিকল্পিতভাবে যাত্রীবাহী বাস দুটিকে নিশানা করেছে রুশ বাহিনী।
স্থানীয় কৌঁসুলিদের দপ্তর থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর রাস্তায় বাস দুটির পোড়া ধাতব কাঠামো পড়ে রয়েছে এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
দোনেৎস্ক অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে ভাদিম ফিলাশকিন বলেন, ‘যাত্রী ও চালকদের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আমাদের নেই।’
ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ সেনাবাহিনীর ‘ভয়াবহ অপরাধ’ বলে অভিহিত করেছে। তাদের ভাষ্যমতে, হামলার শিকার স্থানে কোনো ধরনের সামরিক স্থাপনা ছিল না।











































