স্পোর্টস ডেস্ক।।
জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল দেশে ফিরেছে। এবারের আসরে নারী হকি দল প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে, অন্যদিকে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে পুরুষ দল।
প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশ নিয়ে ১২টি দলের মধ্যে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশের নারী হকি দল। গ্রুপ পর্বে চীন (১৩-০), মালয়েশিয়া (৩-১) এবং দক্ষিণ কোরিয়ার (৮-০) বিপক্ষে পরাজিত হলেও কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে নারী দল।
এরপর চীনা তাইপেইয়ের কাছে ৩-২ ব্যবধানে হার মানতে হয় তাদের। তবে নবম স্থান নির্ধারণী খেলায় সিঙ্গাপুরের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর শুটআউটে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
অন্যদিকে, টুর্নামেন্টে সপ্তম স্থান অর্জন করে অভিযান শেষ করেছে বাংলাদেশ পুরুষ হকি দল। গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ও স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরে শুরু করলেও শ্রীলঙ্কাকে ৫-১ এবং ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।
তবে শেষ গ্রুপ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ ব্যবধানে পরাজিত হয় দল। পরবর্তীতে সপ্তম স্থান নির্ধারণী খেলায় থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে পুরুষ দল।










































