ঢাকা অফিস।।
সরকারি খরচে হজে যাওয়ার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যাবলী নিয়ে আলোচনা হয়।
এছাড়া মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর-সংস্থার ভিশন, মিশন, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।
উপস্থাপিত এসব বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা শেষে কমিটির সদস্যরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেন।
এর মধ্যে দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের কথা বলা হয়। এছাড়া সরকারি খরচে যেসব ব্যক্তি হজে যান, তাদের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশ করে কমিটি।
পাশাপাশি সাধারণ মানুষের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত ডাক্তার এবং কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত বদলি করার জন্যও বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সুবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।
এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










































