বিনোদন ডেস্ক।।
২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। এই মাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এক বছর পর জীবনে অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে অভিনেত্রী স্বীকার করেছেন, অভিনয়শিল্পীদের ক্যারিয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু সুবিধাও রয়েছে।
বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ ‘#লাভ’-এর প্রচারে ব্যস্ত ঐশ্বরিয়া লক্ষ্মী। সিরিজটির প্রচারে প্রযোজক সৌন্দর্যা রজনীকান্ত ও সহশিল্পী অর্জুন দাসের সঙ্গে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে ইউটিউবের ‘দ্য পূজা তালওয়ার শো’-তে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘সবকিছু ধীরে ধীরে ঠিক জায়গায় আসছে। এই মুহূর্তে আমার জীবন যেমন আছে, তাতে আমি খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার সময়ের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি।’
অভিনেত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পেছনে যেসব কারণ কাজ করেছিল, সেগুলো এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে সেসব বিষয় প্রতিনিয়ত দেখার এবং সেগুলোর কারণে প্রভাবিত হওয়ার সুযোগ এখন তার নেই।

ঐশ্বরিয়ার ভাষায়, ‘যে বিষয়গুলো আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, সেগুলো এখনো কিছুটা আছে। কিন্তু অন্তত আমি সব সময় সেগুলো দেখছি না বা এসব বিষয়ে প্রভাবিত হচ্ছি না। সামগ্রিকভাবে জীবনের এখন অনেক ভালো একটা জায়গায় আছি।’
তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকও রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে নতুন প্রজন্মের অভিনয়শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের জন্য এটি নিজেদের প্রতিভা তুলে ধরার বড় সুযোগ তৈরি করেছে।
ঐশ্বরিয়া বলেন, ‘অনেক কনটেন্ট নির্মাতার জন্য এখন ক্ষমতাটা তাদের হাতে। সম্প্রতি একটি বিষয় পড়েছিলাম—এখন আর বলা যায় না যে ইন্ডাস্ট্রি আপনাকে সুযোগ দেয়নি। নিজের প্রতিভা দেখানোর কিংবা নিজেকে এমনভাবে তৈরি করার সুযোগ এখন আছে, যাতে মানুষ আপনাকে দেখতে পারে।’
২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সময় ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে তিনি মনে করতেন অভিনয় ক্যারিয়ারে টিকে থাকার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম অপরিহার্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যও এটিকে প্রয়োজনীয় মনে করেছিলেন তিনি।
চলতি বছর ‘গাট্টা কুস্তি ২’ ও ‘আশা’ সিনেমায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। তার নতুন সিরিজ ‘#লাভ’ বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। এছাড়া একটি তেলুগু সিনেমায় অভিনয় করবেন তিনি।











































