Home আঞ্চলিক মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

মেয়েকে দেখে ঘরে ফেরা হলো না সিআইডি কর্মকর্তার

11

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক সিআইডি ইনস্পেক্টর নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে। তার মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক।

মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার (৫ অক্টোবার) দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খুলনায় আসেন ফজলুর। সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ওসি আবুল বাশার জানান, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ওসি।