কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। এসময় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ৪৭ বিজিবির জামালপুর বিওপির একটি টহল দল দৌলতপুরের পাকুড়িয়া পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ২ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- দৌলতপুর উপজেলার বোদ্ধনাতলা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মো. খালেকুল সাইফুল (১৭), চরদিয়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে মো. আব্দুল আলিম (১৭) এবং একই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে মো. জান্নাত ইসলাম (১৬)।
অন্যদিকে, সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ধলা বিওপির অন্য একটি টহল দল ধলা মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ৯শ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











































