খুলনাঞ্চল রিপোর্ট
ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। একদিনে আরও ৯ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেপ্টেম্বরেই ডেঙ্গুতে প্রায় দেড়শ’ লোকের প্রাণ গেছে। বিছানা, মেঝে, বারান্দা কোথাও জায়গা মিলছে না হাসপাতালগুলোতে। জ্বর হলেই হাসপাতালে গিয়ে পরীক্ষা করলে ধরা পড়ছে ডেঙ্গু। সরকারি-বেসরকারি হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। মিনিটে মিনিটে বাড়ছে ডেঙ্গু রোগী। গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে শহরমুখী হচ্ছেন।সংবাদ বিশ্লেষণ
৫৬ বছর বয়সী আবুল হোসেন ডেঙ্গু জ্বরে ভুগছেন সাতদিন ধরে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডের বাইরে সিঁড়ির কাছে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগীর জন্য র্নির্ধারিত ওয়ার্ডে ঠাঁই হয়নি তার। ফলে বাইরে চিকিৎসা নিচ্ছেন। তিনি এসেছেন গাজীপুরের মাওনা থেকে। এই ওয়ার্ডের চিকিৎসক ও নার্সরা জানান, ওয়ার্ডটিতে ৪০টি সিট থাকলেও রোগী ভর্তি আছেন ৬০ জন। প্রতিদিনই রোগী বাড়ছে। এতে চিকিৎসা দিতে গিয়ে তাদের চরম হিমশিম খেতে হচ্ছে। তবে স্যালাইন বা মেডিসিনের কোনো অভাব নেই এখানে।
এদিকে দেশ জুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর মশাবাহিত ডেঙ্গু জ্বরে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৭১ জনে দাঁড়ালো। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন ডেঙ্গু রোগী। স
^াস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, খুলনা বিভাগে ৩০৬, ময়মনসিংহ বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ১০৫, রংপুর বিভাগে ৬৬ ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ১লা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশন সহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৩ জন মারা গেছেন। এ ছাড়া উল্লিখিত সময়ে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ১৮, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, দেশে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতি খুব অবনতির দিকে যেতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ অধ্য্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেন, ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে একটি পূর্বাভাস মডেল তৈরি করে পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। সেই মডেলের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তবে নভেম্বরে কিছুটা কমতে পারে পরিস্থিতি।










































