Home আঞ্চলিক খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তা নিহত

খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তা নিহত

29

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডির ইনস্পেক্টর মো. ফজলুর রহমান (৫০) নিহত হয়েছেন। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুর রহমানের মেয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। মেয়ের সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন।

রাত সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।