Home স্বাস্থ্য কাদের বেদানা খাওয়া ঠিক নয়?

কাদের বেদানা খাওয়া ঠিক নয়?

0


মিলি রহমান।।

পুষ্টিকর ফল হিসেবে বেদানার জুড়ি নেই। এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ থাকায় নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শও দেওয়া হয়। তবে যাদের রক্তচাপ কম, নির্দিষ্ট ওষুধ চলছে, অস্ত্রোপচার সামনে, হজমের সমস্যা অথবা অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ফল খাওয়া নিরাপদ। কাদের বেদানা খাওয়া ঠিক নয় তা জানানো হয়েছে ‘টিভিনাইনে’র এক প্রতিবেদনে।

যাদের রক্তচাপ কম

বেদানা রক্তচাপ কমাতে ভূমিকা রাখতে পারে। এ কারণে যাদের রক্তচাপ এমনিতেই স্বাভাবিকের তুলনায় কম, তাদের অতিরিক্ত বেদানা বা এই ফলের রস খেলে সমস্যা হতে পারে। বিশেষ করে যারা রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খান, তাদের বেদানা না খাওয়াই ভালো।

যারা নির্দিষ্ট ওষুধ খান

বেদানা কিছু ওষুধের কার্যকারিতা বা শরীরে ওষুধের বিপাক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণের মতো কিছু ওষুধ সেবন করলে নিয়মিত বেদানা বা তার রস খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

যাদের অস্ত্রোপচার হওয়ার কথা

অস্ত্রোপচারের আগে বেদানা খাওয়ার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়। কারণ বেদানা রক্তচাপ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে কিছু সূত্রে উল্লেখ করা হয়েছে। এ কারণে চিকিৎসকের পরামর্শ জরুরি।

যাদের হজমের সমস্যা রয়েছে

বেদানায় যথেষ্ট পরিমাণে ফাইবার রয়েছে। কারও কারও বেশি পরিমাণে ডালিম খেলে পেটের অস্বস্তি, হজমের সমস্যা বা ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

মনে রাখবেন, অধিকাংশ সুস্থ মানুষের জন্য পরিমিত পরিমাণে বেদানা খাওয়া নিরাপদ। কিন্তু স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকলে পরিস্থিতি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।