Home খেলাধুলা ওয়ান্ডারার্সের জালে আবাহনীর পাঁচ গোল

ওয়ান্ডারার্সের জালে আবাহনীর পাঁচ গোল

0


স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশ ফুটবল লিগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। নাইজেরিয়ান ফরোয়ার্ড অ্যান্থনি ওকাচির জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেছেন মঈন, মাইকেল বাবাতুন্দে ও আল আমীন। দিনের আরেক ম্যাচে ওনিয়েকাচি ওকাফোরের হ্যাটট্রিকের পরও ফর্টিস এফসির সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সিটি ক্লাব।

চাঁদপুর স্টেডিয়ামে ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আবাহনী। চতুর্থ মিনিটেই বাবাতুন্দের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর মঈনের পাস থেকে গোল করেন ওকাচি। দুই মিনিট পর ইফতিয়ার হোসেনের ফ্রি-কিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন পাকিস্তানি মিডফিল্ডার মঈন।

১৪ মিনিটে জাহিদের দারুণ ভলিতে একটি গোল শোধ করে ওয়ান্ডারার্স। তবে ৩৩ মিনিটে বাবাতুন্দেকে ফাউল করায় পেনাল্টি পায় আবাহনী। স্পট কিক থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিজের প্রথম গোল করেন ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে খেলা বাবাতুন্দে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে আবাহনী। ৭৬ মিনিটে আফোলাবির উঁচু করে বাড়ানো বল বুকে নামিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে নিজের দ্বিতীয় গোল করেন ওকাচি। দুই মিনিট পর শেখ মোরসালিনের গোল অফসাইডে বাতিল হয়। যোগ করা সময়ে আল আমীনের গোলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আকাশি-নীলরা।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আবাহনী। আর দুই ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা ওয়ান্ডারার্স আছে তালিকার তলানীতে (১২তম)। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি।

এদিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলের রোমাঞ্চ ছড়িয়েছে ফর্টিস ও সিটি ক্লাব। সাবেক ক্লাব ফর্টিসের বিপক্ষে ওকাফোর একাই তিন গোল করে সিটি ক্লাবকে তিনবার এগিয়ে দেন। কিন্তু প্রতিবারই ঘুরে দাঁড়ায় ফর্টিস। তাদের হয়ে মোহাম্মদ ইব্রাহিম, পা ওমর বাবু ও নরিকি আকান্দা গোল করেন। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৩-৩ সমতায়। এই ম্যাচটি ডাগ আউটে বসে দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ থমাস ডুলি। গতকাল রাতেই আসিয়ান কাপ শেষে দলের সঙ্গে দেশে ফেরেন তিনি।

দুই ম্যাচ শেষে ফর্টিস ও সিটি ক্লাবেরই সংগ্রহ চার পয়েন্ট। গোল ব্যবধানে ফর্টিস দ্বিতীয় ও সিটি ক্লাব চতুর্থ স্থানে রয়েছে।

গোপালগঞ্জ স্টেডিয়ামে লিগে দিনের অপর ম্যাচে ২-২ গোলে ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।