।। খবর বিজ্ঞপ্তি।।
ধর্মের নামে যারা মানুষকে ধোঁকা দেয় এবং চাঁদাবাজি ও দখলদারিত্বে লিপ্ত হয়, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ঠাঁই নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বলেছেন,একটি নির্দিষ্ট দল ধর্মের অপব্যবহার করে নিরীহ মানুষ, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। তারা ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণামূলক কথা বলে, যা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। এমনকি ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা গণহত্যা চালাচ্ছে, সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথেও ওই দলের নেতাদের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে খুলনা নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল খুলনা মহানগর ও জেলা শাখা যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
শফিকুল আলম তুহিন তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের কথা স্মরণ করে বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটি দল এই গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছিনতাই করার চেষ্টা করছে। অথচ তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বে মেতে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব ধর্ম ব্যবসায়ী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। দলের ভেতরেও যদি কেউ অন্যায় করে, তাকে ছাড় দেওয়া হচ্ছে না। এর প্রমাণ দেশবাসী ইতোমধ্যেই দেখেছে।
বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে খুলনা বিএনপির এই নেতা বলেন,বিএনপি ক্ষমতায় এসেই দেশের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্য রাষ্ট্রীয় ভাতার (বেতন) ব্যবস্থা করেছেন। ৪০ লক্ষ কৃষককে কৃষি কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে এবং খাল খননের মাধ্যমে কৃষিকাজে পানির নিশ্চয়তা দিয়েছেন। নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে তিনি ঘোষণা দিয়েছেন। এছাড়া দেশের পরিবেশ রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তারেক রহমান।
তিনি ওলামা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,যারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে এবং চাঁদাবাজি করছে, আপনারা কোরআন ও হাদিসের আলোকে তাদের মুখোশ উন্মোচন করুন। তারেক রহমানের নির্দেশে আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় গাছ লাগান এবং একটি মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সহায়তা করুন। তারেক রহমান মদিনা সনদ ও শহীদ জিয়ার ১৯ দফার আলোকে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চান।
খুলনা জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা মো. ফারুক হোসেনের সভাপতিত্বে এবং মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খুলনা মহানগর ছাত্রদলের সভাপতি মো. তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. আল আমিনসহ মহানগর ও জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।










































