Home আঞ্চলিক সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণের মৃত্যু

7


সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে দুর্বৃৃত্তের ছুরির আঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশু হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়ার বাড়ি শহরের কাটিয়া এলাকায়। তিনি রুচিরা বেকারীর স্বত্বাধিকারী আব্দুল গফুর খানের ছেলে। জাকারিয়া সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

মাছুম বিল্লাহ জানান, রাতে পশু হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে কয়েকজন যুবকের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিরোধ থামাতে এগিয়ে যান জাকারিয়া। যুবকদের মধ্যে একজন ধারালো ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা থানার ওসি মো. শহীদুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।