Home জাতীয় শাহজালালে ৩৪ লাখ টাকার সিগারেট, মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দ

শাহজালালে ৩৪ লাখ টাকার সিগারেট, মদ ও নিষিদ্ধ ক্রিম জব্দ

4

ঢাকা অফিস।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক নজরদারিতে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, নিষিদ্ধ গৌরী ক্রিম ও বিদেশি মদ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অভিযানে সর্বমোট ৫৯৫ কার্টন সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার ব্ল্যাক লেবেল মদ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬২ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় ইউএল১৮৯ (কলম্বো–ঢাকা) ফ্লাইটযোগে আগত পাঁচ যাত্রীর ব্যাগেজ পৃথকভাবে স্ক্যান ও তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

পণ্যগুলোর মধ্যে মোহাম্মদ রবেলের কাছে ছিল ১৬১ কার্টন সিগারেট ও ৬ দশমিক ৪ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম।
আব্দুল্লাহ আল মোবারকের কাছে ছিল ১৪৯ কার্টন সিগারেট ও ৫ দশমিক ৮ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম।

খোরশেদ আলমের কাছে ছিল ১৮৮ কার্টন সিগারেট। মোসা. রাবেয়া বেগমের কাছে ছিল ৮৮ কার্টন সিগারেট ও ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং মো. গোলাপের কাছে পাওয়া যায় ৯ কার্টন সিগারেট। এছাড়া এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ (মুম্বাই–ঢাকা) ফ্লাইটে আগত মোবারক হোসেনের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ১০ লিটার ব্ল্যাক লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

সব মিলিয়ে অভিযানে ৫৯৫ কার্টন বিদেশি সিগারেট, ২৪ দশমিক ২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬২ হাজার টাকা।