Home আঞ্চলিক খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

4

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীকে মাদকসহ আটকের পর সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

পরে তাঁদের তল্লাশি করে গাঁজা পাওয়া যায় বলে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা দাবি করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কার ও জরিমানার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।