ঢাকা অফিস।।
ময়মনসিংহ নগরীতে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাতজন নিহত হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি অটোরিকশার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা সাতজন নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। এ সময় ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।










































