বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে নিজ বসতঘর থেকে শেখ মুজিবুর রহমান (৮০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মুজিবুর রহমান ওই গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে। তিনি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মুজিবুর রহমানের বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মুজিবুর রহমানকে শেষবার দেখা যায়। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, গত দুই থেকে তিন দিনের মধ্যে কোনো একসময় তার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের স্ত্রী ও ছেলে অনেক আগেই মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। আর নাতি মো. সাইদুর রহমান ইমন অন্যত্র থাকেন। ফলে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আরও দুই থেকে তিন দিন আগে মারা গেছেন।’









































