বিনোদন ডেস্ক।।
মেয়েদের শুধু নিজেদের নিরাপত্তার কথা না শিখিয়ে ছেলেদেরও ছোটবেলা থেকে শেখাতে হবে—‘না’ মানে না। ব্যক্তিগত সীমারেখা, সম্মতি, অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান এবং প্রত্যাখ্যান মেনে নেওয়ার শিক্ষা ছেলেদেরও দেওয়া জরুরি বলে মনে করেন অভিনেত্রী দিয়া মির্জা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ছেলেদের বড় করার ক্ষেত্রে নিজের ভাবনা তুলে ধরেন দিয়া। নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার মধ্যেই এ বিষয়ে কথা বললেন অভিনেত্রী।
দিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কিভাবে নিরাপদে থাকতে হবে, তা বারবার শেখানো হয়। কিন্তু ছেলেদের কী শেখানো হচ্ছে? তার মতে, শুধু মেয়েদের সতর্ক করে দেওয়ার পরিবর্তে ছেলেদের এমনভাবে বড় করা প্রয়োজন, যাতে তারা অন্য কারো জন্য ক্ষতির কারণ না হয়।
নিজের ছেলে অভিয়ান আজাদ রেখিকে বড় করার ক্ষেত্রেও এসব বিষয়কে গুরুত্ব দেন দিয়া। তার কাছে যত্ন, সম্মান, সহমর্মিতা ও সদয় আচরণ শুধু কথার বিষয় নয়; এগুলো শিশুর প্রতিদিনের শিক্ষার অংশ হওয়া উচিত।
অন্যের ব্যক্তিগত পরিসর ও সীমারেখাকে সম্মান করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কেউ অস্বস্তিতে পড়লে তার ইঙ্গিত বুঝতে শেখা এবং সেই অনুযায়ী নিজের আচরণ পরিবর্তন করাও ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো প্রয়োজন বলে মনে করেন দিয়া।
সম্মতির বিষয়টি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তার মতে, কেউ সরাসরি ‘না’ বলেনি মানেই সেখানে সম্মতি রয়েছে—এমন ধারণা ঠিক নয়। কোনো সম্পর্ক বা ঘনিষ্ঠতার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্বতঃস্ফূর্ত ও স্বচ্ছন্দ সম্মতি থাকা জরুরি।
প্রত্যাখ্যান মেনে নেওয়ার শিক্ষার ওপরও জোর দিয়েছেন দিয়া। কেউ কারো প্রতি আগ্রহ দেখাল না কিংবা কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করলেই সেটিকে অপমান হিসেবে নেওয়া উচিত নয়।
অন্যের সিদ্ধান্ত মেনে নেওয়া এবং তার ইচ্ছাকে সম্মান করাও পরিণত হওয়ার শিক্ষার অংশ বলে মনে করেন তিনি।
দিয়ার মতে, এসব মূল্যবোধ বড় হওয়ার পর শেখানোর চেয়ে ছোটবেলা থেকেই পরিবারের মধ্যে চর্চা করা বেশি গুরুত্বপূর্ণ। শিশুরা পরিবার ও আশপাশের মানুষের আচরণ দেখেও শেখে। তাই সম্মান, সহমর্মিতা এবং অন্যের সীমারেখার প্রতি শ্রদ্ধাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
২০২১ সালের ১৪ মে পুত্রসন্তানের মা হন দিয়া মির্জা। ছেলে অভিয়ান আজাদ রেখিকে বড় করার অভিজ্ঞতার মধ্য দিয়েও সন্তানকে এসব মূল্যবোধ শেখানোর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন অভিনেত্রী।
নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে নানা আলোচনা ও উদ্বেগের মধ্যে দিয়ার এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। তার বার্তার মূল কথা, শুধু মেয়েদের নিরাপদ থাকার শিক্ষা নয়, ছেলেদেরও ছোটবেলা থেকেই অন্যের ইচ্ছা, সম্মতি ও ‘না’কে সম্মান করতে শেখানো প্রয়োজন।










































