স্পোর্টস ডেস্ক ।।
ফুটবল মাঠে সাফল্যের দিক থেকে কিংবদন্তি রবার্তো কার্লোস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের হয়ে একের পর এক শিরোপা—ক্যারিয়ারে অর্জনের কমতি ছিল না তার। কিন্তু মাঠের বাইরের জীবনে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাবেক এই তারকাকে। নিজের ক্যারিয়ারে উপার্জিত সম্পদের প্রায় পুরোটাই হারিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
লিসবনে আয়োজিত ‘পর্তুগাল ফুটবল সামিটে’ নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন ৫৩ বছর বয়সি কার্লোস। তিনি জানান, দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে উপার্জন করা অর্থের ৯৯ শতাংশই একপর্যায়ে তার হাতছাড়া হয়ে যায়।
ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও ফেনারবাচের মতো ক্লাবে খেলে বিপুল অর্থ উপার্জন করেছিলেন কার্লোস। কিন্তু পরবর্তীতে ভুল মানুষের ওপর আস্থা রাখাই তার জন্য বড় বিপর্যয় ডেকে আনে। তার ভাষ্য অনুযায়ী, যাদের বিশ্বাস করেছিলেন, তাদের কারণেই ব্যাংক অ্যাকাউন্টসহ সঞ্চিত সম্পদের বড় অংশ হারাতে হয়েছে।
নিজের সেই দুঃসময়ের কথা বলতে গিয়ে কার্লোস জানান, এক রাতে ঘুমাতে যাওয়ার পর পরদিন সকালে উঠে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তার ভাষায়, বৃহস্পতিবার মধ্যরাতে ঘুমাতে যাওয়ার পর শুক্রবার সকালে উঠে সামনে দেখতে পান নথিপত্রের বিশাল স্তূপ। সেগুলোর বিষয়ে তিনি আগে কিছুই জানতেন না। তখনই বুঝতে পারেন, অতীতে কষ্ট করে উপার্জন করা সম্পদের প্রায় সবটাই হারিয়ে ফেলেছেন।
এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মের ফুটবলারদেরও সতর্ক করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা। তার মতে, একজন খেলোয়াড়ের উচিত শুধু মাঠের ক্যারিয়ার নিয়েই না ভেবে অবসর-পরবর্তী জীবন নিয়েও আগেভাগে পরিকল্পনা করা।
কার্লোস আরও বলেন, খেলোয়াড় হিসেবে নিজের আলাদা পরিচয় ও ভাবমূর্তি তৈরি করা গুরুত্বপূর্ণ। তিনি নিজেও ফুটবল ছাড়ার আগেই স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স নিয়েছিলেন এবং কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করেছিলেন। ফলে বিপুল সম্পদ হারানোর পরও সেই দূরদর্শী সিদ্ধান্তগুলো তাকে পরবর্তী জীবনে কাজে দিয়েছে।
ক্যারিয়ারে ঠিক কত অর্থ আয় করেছিলেন কার্লোস, সেটিও কম বিস্ময়কর নয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, পুরো পেশাদার ক্যারিয়ারে তার আয় ছিল আনুমানিক ১৬ কোটি ইউরো। তবে খেলোয়াড়দের এজেন্টদের সঙ্গে বিভিন্ন আর্থিক বিষয় নিয়েই তার বড় ধরনের জটিলতা তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কার্লোস। রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগা শিরোপাও জিতেছেন তিনি। বর্তমানে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলের কোচের পাশাপাশি ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন এই কিংবদন্তি।











































