Home Lead খুলনায় ডেঙ্গুর দাপট অব্যাহত: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৯, খুমেক হাসপাতালে আরও ১...

খুলনায় ডেঙ্গুর দাপট অব্যাহত: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২৯, খুমেক হাসপাতালে আরও ১ জনের মৃত্যু

2

স্টাফ রিপোর্টার।।

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০টি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টার আক্রান্ত ও বিভাগীয় সার্বিক চিত্র:

স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩২৯ জনের মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ২৮৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। এ নিয়ে বিভাগজুড়ে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে।

বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ১ হাজার ১৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে এ পর্যন্ত ১১ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ৩০১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খুলনা জেলায় সংক্রমণ ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড:

বিভাগে সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা জেলা। গত ২৪ ঘণ্টায় কেবল খুলনা জেলায় ১০৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথকভাবে ভর্তি হয়েছেন আরও ৩৭ জন। খুমেক হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়।

এ নিয়ে একা খুলনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৬৪ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

অন্যান্য জেলার চিত্র:

বিভাগের অন্যান্য জেলায়ও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলাভিত্তিক ২৪ ঘণ্টার নতুন রোগী ভর্তি ও সার্বিক তথ্য:

যশোর: নতুন ভর্তি ৭৪ জন (মোট আক্রান্ত ১,২৩৬; মৃত্যু ২)

ঝিনাইদহ: নতুন ভর্তি ২৪ জন (মোট আক্রান্ত ৩১১)

মাগুরা: নতুন ভর্তি ২১ জন (মোট আক্রান্ত ২৬৫)

নড়াইল: নতুন ভর্তি ১৫ জন (মোট আক্রান্ত ৪৫৩)

সাতক্ষীরা: জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ মিলিয়ে নতুন ভর্তি ১৫ জন (মোট আক্রান্ত ৫৬৭)

বাগেরহাট: নতুন ভর্তি ১৪ জন (মোট আক্রান্ত ১,৮৬২; মৃত্যু ৩)

মেহেরপুর: নতুন ভর্তি ৮ জন

চুয়াডাঙ্গা: নতুন ভর্তি ৬ জন (মোট মৃত্যু ১)

স্বাস্থ্য বিভাগ থেকে স্থানীয়দের মশার লার্ভা ধ্বংস ও লক্ষণ দেখা মাত্রই দ্রুত সরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।