Home খেলাধুলা বাংলাদেশের হয়ে গোল করতে চান জাপানি বংশোদ্ভূত শুকি

বাংলাদেশের হয়ে গোল করতে চান জাপানি বংশোদ্ভূত শুকি

2

স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে গতকাল অভিষেক হয়েছে শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন জাপানি বংশোদ্ভূত এই উইঙ্গার।

লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি এখন আছেন গোলের অপেক্ষায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া সাক্ষাৎকারে নিজের অজানা অনেক কিছু জানিয়েছেন ২২ বছর বয়সী ফুটবলার।

প্রশ্ন : গতকাল জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে। নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন?

শুকি : ছোটবেলা থেকেই জাতীয় দলের জার্সিতে খেলা আমার স্বপ্ন ছিল।

সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরে খুবই আনন্দিত। গতকালের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বললে, এখনো কিছু জায়গায় উন্নতি করার প্রয়োজন আছে। ফিটনেস আরো উন্নত করতে কঠোর পরিশ্রম করতে চাই। পাশাপাশি গোল করা বা অ্যাসিস্ট করার মাধ্যমে দলের জন্য আরো বেশি অবদান রাখতে চাই।

প্রশ্ন : ভেবেছিলেন (ফিফা আসিয়ান কাপে) প্রথম ম্যাচেই লাল-সবুজ জার্সি পরে মাঠে নামা হবে?

শুকি : আমি আসলে কখনো এভাবে ভাবিনি যে, গতকাল আমার অভিষেক হয়ে যাবে। তবে আমি দেশের জন্য খেলতে প্রস্তুত ছিলাম।

প্রশ্ন : আপনার সতীর্থরা জাপানি ভাষায় কথা বলতে পারে না। তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করেন?

শুকি : আমি জানি, ওরা জাপানিজ পারে না। তবে ওরা ইংরেজি ভাষা বা সহজ কিছু ইশারা-ইঙ্গিত ব্যবহার করে, যতটুকু আমি বুঝতে পারি।

এছাড়াও কিছু সতীর্থ সবসময় আমার খেয়াল রাখে এবং আমার সঙ্গে কথা বলে। তাই এখন আমি মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। সময়টা খুব উপভোগও করছি। কোনো সমস্যা হচ্ছে না।

প্রশ্ন: দীর্ঘ সময় পরিবার থেকে দূরে আছেন, তাদের মিস করেন? এবার তো মনে হয় সবচেয়ে বেশি সময় পরিবার থেকে দূরে?

শুকি : বাংলাদেশের হয়ে খেলা, একজন ফুটবলার হিসেবে আমার স্বপ্ন, আবার এটা আমার পরিবারেরও স্বপ্ন। দূরে থেকে আমি যদি সফল হতে পারি, তাহলে সেটা আমার পরিবার এবং আরো অনেক মানুষের জন্য আনন্দ বয়ে আনে। তাই আমি মনে করি, পরিবার থেকে দূরে থাকাটা কোনো সমস্যা নয়।

প্রশ্ন : বাসায় কেউ বাংলায় কথা বলে?

শুকি : শুধু বাবা বাসায় বাংলায় কথা বলে। বাকি সদস্যরা, মানে আমরা জাপানি ভাষাতেই কথা বলি।