Home খেলাধুলা ৩ ঘণ্টার জন্য ফোন দিয়ে ২৭ দিনেও ফেরত পাননি রিজওয়ান

৩ ঘণ্টার জন্য ফোন দিয়ে ২৭ দিনেও ফেরত পাননি রিজওয়ান

1

স্পোর্টস ডেস্ক ।।

৩ ঘণ্টার মধ্যে ফেরত পাওয়ার আশ্বাসে নিজের মুঠোফোন কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু সেই আশ্বাসের ২৭ দিন পরও তা ফেরত পাননি পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটার।

ফোনটি এখনো দেশটির জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার (এনসিসিআইএ) কাছে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ৩০ আগস্ট লর্ডস টেস্ট শেষ হওয়ার পর রাতে হোটেলের লবিতে রিজওয়ানকে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মুঠোফোনটি নিয়ে নেওয়া হয়। রিজওয়ানের দাবি, ফোনটি পরীক্ষা করে ৩ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল।

তবে সেটি আর ফেরত দেওয়া হয়নি। রিজওয়ানের ভাষ্য অনুযায়ী, ফোন নেওয়ার কারণও তাকে স্পষ্ট করে জানানো হয়নি। তার আবেদনে বলা হয়েছে, ‘আমাকে কোনো লিখিত নোটিশ, অভিযোগ, অভিযোগপত্র, পরোয়ানা, রশিদ বা অন্য কোনো নথি দেওয়া হয়নি, যেখানে আমার ফোন চাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে।’

রিজওয়ানের আইনজীবী কাজী উমাইর আলী লাহোর হাইকোর্টে বলেন, ‘ফোনটি ৩ ঘণ্টার মধ্যে ফেরত দেওয়ার আশ্বাসে নেওয়া হয়েছিল।

কিন্তু এখনো ফেরত দেওয়া হয়নি।’ উমাইরের অভিযোগ, বিষয়টি ভালো উদ্দেশে করা হচ্ছে না।
এনসিসিআইএ রিজওয়ান ও ইমাম-উল-হকের বিরুদ্ধে অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে। তাদের মুঠোফোনের ফরেনসিক ও কারিগরি বিশ্লেষণও চলছে বলে জানিয়েছে জিও নিউজ। তবে এখনো কোনো চূড়ান্ত অভিযোগ বা অপরাধ প্রমাণিত হয়নি।

১৭ সেপ্টেম্বর রিজওয়ানের করা আবেদন খারিজ করে লাহোর হাইকোর্ট তাকে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দেন। ২১ সেপ্টেম্বরের লিখিত আদেশে আদালত এনসিসিআইএকে রিজওয়ানকে অপ্রয়োজনীয় হয়রানি না করার নির্দেশও দেন।