Home জাতীয় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে সাংবাদিক সূর্য আটক

6

ঢাকা অফিস।।
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামীপন্থি অংশের) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে আটকের পর পুলিশ ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়।


দুপুরে নিষিদ্ধ ঘোষিত দলটির কয়েকশ নেতাকর্মীর ওই জাসদ কার্যালয়ে জড়ো হওয়ার খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে হাতকড়া পরিয়ে একে একে ওই কার্যালয় থেকে সবাইকে বের করতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যও।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দেশের অরাজকতা তৈরির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিস্তানে থাকা জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। সেখানে আওয়ামীপন্থি সাংবাদিক ইউনিয়নের নেতা আবু জাফর সূর্যও উপস্থিত ছিলেন।


শেখ হাসিনার পলায়নের সময় গা ঢাকা দিলেও সম্প্রতি আবারও মিডিয়াপাড়ায় সক্রিয় হয়েছেন তিনি। সম্প্রতি সূর্য নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের তদারকিও করছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।


এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অনেককেই আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।