Home জাতীয় গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৪০

2

ঢাকা অফিস।।

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অন্তত ৪০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছিল।

আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের লোকজন জাসদ কার্যালয়ে গোপন বৈঠক করছিলেন। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের পর জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে যুবদলের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। এ সময় বাইরে যুবদলের শত শত নেতাকর্মী অবস্থান করেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সাংবাদিকদের বলেন, ‘এখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া হচ্ছে। তাহলে এটাকে কীভাবে জাসদের কার্যালয় বলতে পারি! এটা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়। যেখানেই আওয়ামী লীগের স্লোগান দেখব, সেখানেই যুবদল যাবে। ৪০০ থেকে ৫০০ লোক এ কার্যালয়ে আটকা অবস্থায় রয়েছে। কার্যালয়ের সামনে যুবদলের হাজার হাজার লোক আছে, তাদের শান্ত রেখেছি। কার্যালয়ে আটকে থাকা লোকজনকে প্রশাসনকে নিয়ে যেতে বলেছি।’

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল কাইয়ুম সমকালকে বলেন, ডিএমপির কমিশনার, মতিঝিল জোনের ডিসি, পলটন থানার ওসিকে অবগত করেই প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, ‘জাসদ নিষিদ্ধ দল নয়। জাসদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নেই। জাসদের এই কেন্দ্রীয় প্রতিনিধিসভায় অংশগ্রণকারী সবাই চিহ্নিত পরিচিত জাসদের নেতা-সদস্য। এই সভায় আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কারো প্রবেশ করারই সুযোগ ছিল না। সভাটি জাসদের একান্ত নিজস্ব সাংগঠনিক কার্যক্রম। সভায় প্রায় ৫০০ জন জাসদের বিভিন্ন সাংগঠনিক স্তরের নেতা উপস্থিত ছিলেন। ৩০ জন নারী ছিলেন। পুরো অফিস ঘেরাও করে সবাইকে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ‘বিকেল ৩টার দিকে তিনতলায় গিয়ে জাসদ কার্যালয়ে দেখা যায়, সেখানে বৈঠক চলছে।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন আজ বিকেল পৌনে ৫টায় সমকালকে বলেন, ‘‘ওই কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ ৪০ জনকে পল্টন থানায় নিয়ে গেছে। এখনো অভিযান চলছে।’’