Home খেলাধুলা কোহলির সঙ্গে মাঠের সেই ঝামেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

কোহলির সঙ্গে মাঠের সেই ঝামেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

0

স্পোর্টস ডেস্ক ।।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের সেই বহুল আলোচিত ঘটনার স্মৃতি এবার নতুন করে ফিরিয়ে আনলেন অস্ট্রেলিয়ান তরুণ ক্রিকেটার স্যাম কনস্টাস। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে এখন অবসর নিয়ে ফেলেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

তবে দেড় বছর আগে অস্ট্রেলিয়া সফরের সময় এই তরুণের সঙ্গে মাঠে বিরাটের উত্তপ্ত বাকবিতণ্ডা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারতে অবস্থানরত কনস্টাস সেই পুরোনো কাসুন্দি ঘেঁটে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই বিরাটের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়ে পড়েন কনস্টাস। শুধু কোহলিই নন, ম্যাচের একপর্যায়ে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহের সঙ্গেও তর্কাতর্কিতে মাতেন তিনি।

ঘটনাটির জেরে শাস্তিস্বরূপ তার ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং তৎকালীন সময়ে এই অনভিপ্রেত আচরণের জন্য বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

সম্প্রতি ‘টাইমস অফ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে কনস্টাস বলেন, ‘ও (কোহলি) মূলত আমাকে কাঁধ দিয়ে ধাক্কা দিয়েছিল। তবে ওই ঘটনার পর আমরা দুজনেই বিষয়টি ভুলে সামনে এগিয়ে গিয়েছি। খেলার মাঠে এমনটা হতেই পারে, এটা খেলারই অংশ।

এমনকি ম্যাচ শেষ হওয়ার পর বিরাট আমাকে আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভেচ্ছাও জানিয়েছিল।’
সেই স্মরণীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে একটি অবিশ্বাস্য রিভার্স সুইপ শটে ছক্কা হাঁকিয়েছিলেন কনস্টাস। টেস্ট ফরম্যাটে সেটিই ছিল বুমরাহর খাওয়া প্রথম ছক্কা। শটটি খেলার পর বুমরাহকে কিছুটা উত্যক্ত করারও চেষ্টা করেছিলেন এই অজি ব্যাটার।

সেই স্মৃতি স্মরণ করে কনস্টাস হাসিমুখে বলেন, ‘ঘটনাটির বিস্তারিত এখন খুব একটা স্পষ্ট মনে নেই, তবে পুরো ব্যাপারটা বেশ মজার ছিল।

নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে এত সব কাণ্ড ঘটে যাচ্ছে, তা আমি ভাবতেই পারছিলাম না। বুমরাহ বর্তমান বিশ্বের সেরা বোলার, তাই স্বাভাবিকভাবেই আমার মতো তরুণের কাছে রান হজম করাটা তার জন্য মেনে নেওয়া সহজ ছিল না।’